ইয়াবা পাচারে এসআই গ্রেপ্তার
চট্টগ্রামে ইয়াবা উদ্ধারের ঘটনায় এসআই বদরুদ্দোজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
প্রাথমিক তদন্তে ইয়াবা পাচারের সাথে সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান মিরসরাই থানার ওসি সাইরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইয়াবা উদ্ধারের পর থেকে এসআই বদরুদ্দোজাকে খুলশী থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ইয়াবা পাচারের সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি।”
মিরসরাইয়ের নিজামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার গভীর রাতে বাসার ফার্নিচার বহনকারী একটি ট্রাকের ফাইল কেবিনেট থেকে ২৯ হাজার ২৮৫টি ইয়াবা উদ্ধার করে র্যাব।
ওই কেবিনেট থেকে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ থেকে চট্টগ্রাম নগর পুলিশে বদলি হয়ে আসা এসআই বদরুদ্দোজার নাম, বিপি নম্বর ও মোবাইল নম্বরসহ সিল লাগানো একটি ডায়েরি উদ্ধার করা হয়।
এছাড়াও চালকের কাছ থেকেও বদরুদ্দোজার ভিজিটিং কার্ড পাওয়া যায়।
এঘটনায় র্যাবের পক্ষ থেকে চালক ও সহকারীকে আসামি করে মিরসরাই থানায় একটি মাদক আইনে মামলা করা হয়েছিল।
নগরীর হাইলেভেল রোডে ওই কর্মকর্তার বাসায় তল্লাশি করে এসআই বদরুদ্দোজাকে জিজ্ঞাসাবাদের জন্য খুলশী থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
