২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের কুলখানিতে পদদলন ভিড়ের চাপে: পুলিশ

চট্টগ্রামে এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনার জন্য অতিরিক্ত ভিড়কেই কারণ বলে মনে করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2017, 11:51 PM

Updated : 11 Oct 2022, 02:51 PM

পুরনো খবর:

সেই ধাক্কার বিভীষিকায় আহতরা
কুলখানিতে যেভাবে ঘটল পদদলনের ঘটনা
‘কেন তুমি মেজবানে গেলে’
কুলখানিতে পদদলনের ঘটনায় অপমৃত্যু মামলা
মহিউদ্দিনের কুলখানির মেজবানে পদদলিত হয়ে নিহত ১০

সেই সঙ্গে রীমা কমিউনিটি সেন্টারের ফটকের ভেতরে নির্মাণের ত্রুটিকেও এই ঘটনার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করেছে তারা।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ঘটনায় অন্য কিছু পাওয়া যায়নি।

“প্রাথমিকভাবে মেনে হচ্ছে, অতিরিক্ত ভিড়ের চাপে এবং কমিউনিটি সেন্টারে প্রবেশ পথে নির্মাণজনিত ত্রুটির কারণে এই ঘটনা ঘটে।”

একদিন আগেই সোমবার বন্দর নগরীর আশকার দীঘির পাড়ে ওই কমিউনিটি সেন্টারে কুলখানির মেজবানে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ১০ জন নিহত হন, আহত হন অনেকে।

এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত বলে আওয়ামী লীগেরই কোনো কোনো নেতার সন্দেহের প্রেক্ষাপটে মহিউদ্দিনপুত্র মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছিলেন, আসলে কী ঘটেছিল, তা জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফল দেখার অপেক্ষায় আছেন তিনি।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অনেক লোক বাইরে অপেক্ষা করছিল, ভেতরে যত জন ছিল, তার চেয়ে বাইরে রাস্তায় বেশি লোক অবস্থান করছিল। একটা সময় স্বেচ্ছাসেবকরা গেইট খুলে দেওয়ায় এক সঙ্গে বিপুল সংখ্যক লোক ঢোকার চেষ্টা করে।

“পাশাপাশি কমিউনিটি সেন্টারের প্রবেশ পথে তিন-চার ফুট ঢাল ‍হওয়ায় একসঙ্গে তারা ঢুকতে গেলে ভারসাম্য রাখতে না পেরে নিচের দিকে পড়ে যায়।”

রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশ পথ বেশ খানিকটা ঢালু। ভবনের দুটি ফটকের মধ্যে পশ্চিম পাশের প্রথম ফটকটি থেকে মূল ভবন প্রায় ১০ ফুট নিচে। মূল ফটক দিয়ে ঢোকার পর ওই ঢালু অংশ পার হয়ে মূল ভবনে যেতে হয়। সেখানেই ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটে।

Image
ফটকের ভেতরের এই ঢালকেই পদদলনে হতাহতের আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ

ফটকের ভেতরের এই ঢালকেই পদদলনে হতাহতের আরেকটি কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ

জনপ্রিয় রাজনৈতিক নেতা, সাবেক মেয়র মহিউদ্দিনের কুলখানিতে ১৩টি স্থানে মেজবানের আয়োজন করে পরিবার, যার প্রতিটিতেই ছিল ভিড়। রীমা কমিউনিটি সেন্টারে আয়োজন ছিল যারা গোমাংস খান না, তাদের জন্য।

দুপুরে তিনটি ব্যাচের খাওয়ার পর বাইরে থাকা লোকজন হুড়মুড় করে ঢুকতে শুরু করলে পদদলনের ঘটনা ঘটে।

রীমা কমিউনিটি সেন্টারে মেজবানের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন আন্দরকিল্লার ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী।

তিনি ঘটনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, সেখানে তারা ১৩ হাজারের মতো মানুষের খাবারের আয়োজন করেছিলেন।

“দুপুরে খাবার পরিবেশন শুরু হওয়ার পর তিনটি ব্যাচের খাওয়া শেষ হয়। একটি ব্যাচের খাওয়া তখন চলছিল। এরপর বসার জন্য অনেকে বাইরে অপেক্ষা করছিল। প্রচণ্ড ভিড়ের মধ্যে এক সময় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের ধাক্কা দিয়ে সরিয়ে লোকজন গেইট খুলে ঢুকতে শুরু করে।”

রীমা কমিউনিটি সেন্টারের বাইরের পান দোকানি আবদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাইরে বেশি মানুষ ছিল, ধাক্কাধাক্কিও ছিল। তারপর গেইট খুলতেই দুর্ঘটনা ঘটে যায়।”

Image
পদদলনের পরের চিত্র

পদদলনের পরের চিত্র

আহতদের একজন মনোজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫-২০ মিনিট আমি গেইটের সামনে ভিড়ের মধ্যে দাঁড়ানো ছিলাম। অতিরিক্ত ভিড় ছিল। দরজা খুললে এগিয়ে যাওয়ার পরই পেছন থেকে জোরে একটা ধাক্কা আসে।”

আহত আরেকজন সুমন দাশ বলেন, “গেইটের কাছে ১০-১৫ জনের পেছনেই আমি ছিলাম। যখন গেট খুলছিল না তখন পেছন থেকে চাপ বাড়ছিল।

“দরজা খোলার পরই পেছন থেকে জোরে একটা ধাক্কা আসে। পাঁচ-ছয় হাত মত এগিয়ে গিয়েই আমি পড়ে যাই। আমার গায়ের উপর লোকজন পড়ে যায়। আমি জ্ঞান হারাই।”

পদদলনে হতাহতের কারণ অনুসন্ধানে ঘটনায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে। রীমা কমিউনিটি সেন্টারও আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।