কুলখানিতে পদদলনের ঘটনায় অপমৃত্যু মামলা
চট্টগ্রামের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত ঝন্টু দাশের বড় ভাই অরুণ দাশ সোমবার রাতে চকবাজার থানায় মামলাটি দায়ের করেন।
ওই থানার ওসি মীর নুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করতে হয়। সে অনুযায়ী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।”
জামালখানের শরিফ কলোনির বিনোদ বিহারী দাশের ছেলে ঝন্টু দাশ পিন্টু (৪৫) নগরীর অ্যাপোলা শপিং সেন্টারের দোকান কর্মচারী ছিলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে গিয়ে সোমবার দুপুরে পদদলিত হয়ে মৃত্যু হয় পিন্টুর।
নগরীর জামালখান আসকার দীঘির পাড়ে রীমা কমিউনিটি সেন্টারে ওই ঘটনায় মোট দশজন নিহত ও ১১ জন আহত হন।
নিহত অন্যরা হলেন- কৃষ্ণপদ দাশ (৪৫), সুধীর দাশ (৫০), প্রদীপ তালুকদার (৪৬), লিটন দেব (৪৩), দীপঙ্কর দাশ রাহুল (২৬), সত্যব্রত ভট্টাচার্য্য (৪২), অলক ভৌমিক (৩২) ও ধনা শীল (৬০)।
আসকার দীঘির পাড় কিছুটা নিচু এলাকা হওয়ায় ওই এলাকার অধিকাংশ ভবনের মত রীমা কমিউনিটি সেন্টারের প্রবেশ পথও বেশ খানিকটা ঢালু। সেখানেই ভিড়ের মধ্যে পদদলনের ঘটনা ঘটে।
আন্দরকিল্লার ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহরলাল হাজারী ঘটনার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রচণ্ড ভিড়ের মধ্যে এক সময় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের ধাক্কা দিয়ে সরিয়ে লোকজন গেইট খুলে ঢুকতে শুরু করে। বিনা কারণে অধৈর্য্য হয়ে আগে ঢুকতে চাওয়ার জন্যই অত্যন্ত দুঃখজনক এ ঘটনা ঘটল।”
তবে মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চৌধুরী মহিবুল হাসান নওফেল রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অসাবধানতাবশত এ ঘটনা ঘটনা ঘটেছে কি না, নাকি এর পেছনে অন্য কিছু ছিল- তা তারা জানতে চান।
ওই কমিউনিটি সেন্টারের ঘটনা খতিয়ে দেখতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করেছে জেলা প্রশাসন। এছাড়া ঘটনার সময়ের ভিডিও সংগ্রহ করে পুলিশও তদন্ত শুরু করেছে বলে মহানগর পুলিশের কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
