হুমকিতেও আগ্রহ জাগেনি চট্টগ্রামের ‘নিষ্ক্রিয়’ নেতাদের
দলীয় কর্মসূচিতে মন্ত্রী ও সাংসদদের অনুপস্থিতি নিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ক্ষোভ থাকলেও নিজেদের সংসদীয় এলাকাতেই ব্যস্ত থাকতে আগ্রহী তারা।
চট্টগ্রাম থেকে নির্বাচিত সাংসদ ও মন্ত্রীরা বলছেন, মন্ত্রণালয়ের কাজের পাশাপাশি জাতীয় সংসদ অধিবেশনের সময় ব্যস্ততা থাকায় দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় তারা সবসময় ‘করে উঠতে পারেন না’।
দলের জন্য ‘কাজ করার আগ্রহ না থাকলে’ মন্ত্রী-এমপিদের দলীয় পদ ছাড়তে বলেছিলেন চট্টগ্রাম নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নিষ্ক্রিয়দের তালিকা হচ্ছে বলে হুমকিও দিয়েছিলেন নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের অন্যতম সাংসদ আফসারুল আমীন পাল্টা প্রশ্ন রেখেছেন হুমকিদাতাদের সামনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নগর আওয়ামী লীগের কমিটির সদস্য সংখ্যা কত? তিনজন মন্ত্রী-এমপি বাদ দিলে কত জন থাকেন? উনারা কোথায়? উনারা কি সবাই আসেন?”
আওয়ামী লীগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এই দ্বন্দ্ব নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করেই বলেছেন, দলীয় কর্মসূচিকে সবারই প্রাধান্য দেওয়া উচিত।
চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন ও বর্তমান মেয়র নাছিরের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও দলীয় কর্মসূচিত মন্ত্রী-সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে দুজনের অবস্থান এক।
মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে দলীয় মন্ত্রী সাংসদরা অংশ না নেওয়ায় গত প্রায় এক বছর ধরে সভা-সমাবেশে ক্ষোভ জানিয়ে আসছেন চট্টগ্রাম নগর কমিটির সভাপতি মহিউদ্দিন।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সভায় এ নিয়ে মহিউদ্দিনের সঙ্গে সুর মেলান নাছির ও সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
১১ জানুয়ারি প্রয়াত নেতা এম এ আজিজের স্মরণ সভায় মন্ত্রী-সাংসদরা অনুপস্থিত থাকায় আবারও ক্ষোভ জানান মহিউদ্দিন ও সুজন।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় দলের যেসব মন্ত্রী-এমপি সভায় আসেন না- তাদের দলীয় পদ ছাড়ার আহ্বান জানান মহিউদ্দিন।
আর সবশেষ ১ জুলাই প্রয়াত নেতা জহুর আহমদ চৌধুরীর স্মরণ সভায় নাছির বলেন, সাংগঠনিক কর্মকাণ্ডে যারা আসছেন না তাদের তালিকা করা হচ্ছে। তালিকাটি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে। উনার নির্দেশ অনুসারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই সভায় নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী সভাপতির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাংসদ আফসারুল আমীন, এম এ লতিফ ও দিদারুল আলম এবং সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের নাম উল্লেখ করে তাদের অনুপস্থিতির বিষয়ে বক্তব্য রাখেন। তারা কেউ ওই স্মরণসভায় উপস্থিত ছিলেন না।
এ বি এম মহিউদ্দিন চৌধুরী (ফাইল ছবি)
এছাড়া চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত) আসনের সাংসদ দিদারুল আলম। তিনি নগর আওয়ামী লীগের সদস্য নন। দলীয় কর্মসূচিতে তাদের খুব একটা দেখা যায় না।
সিটি মেয়র আ জ ম নাছির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলের বিভিন্ন পদে থেকে যারা কাজ করছেন না, তাদের সক্রিয় হওয়া উচিত। সামনে জাতীয় সংসদ নির্বাচন। যারা কাজ করছেন না তাদের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানাব।”
জহুর আহমেদ চৌধুরী স্মরণসভার পরদিন নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ করছেন বলেই আপনি মন্ত্রী-সাংসদ। তাই চট্টগ্রামে অবস্থান করলে অবশ্যই দলীয় কর্মসূচি প্রাধান্য দেওয়া উচিত।
“মন্ত্রী-এমপিদের কারও তৃণমূলে সম্পৃক্ততা আছে, আবার কারও কারও তা নেই। ইঞ্জিনিয়ার মোশাররফ একজন কেন্দ্রীয় নেতা ও মন্ত্রী, উনাকে দাওয়াত দিলে উনি তো ঠিকই আসেন।”
ওই স্মরণসভায় মন্ত্রী-সাংসদদের নাম উল্লেখের বিষয়ে নঈম উদ্দিন বলেন, “সভাপতি-সাধারণ সম্পাদক আগেও বলেছেন। গতকালের সভায় বক্তাদের বক্তব্যের প্রেক্ষিতে বলেছি।
“সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম প্রায় সভায় আসেন। গতকাল কোনো কাজ থাকায় হয়তো আসেননি। আর সাংসদ দিদারুল আলমের তো নগর কমিটির সদস্য পদ নেই। উনি শুধু সমর্থক।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নগর কমিটির সহ-সভাপতি সাংসদ আফসারুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংসদ চললে চট্টগ্রামে আসা সম্ভব হয় না। সংসদীয় কমিটির সভাও থাকে। কমিটিতে নয়জন সহ-সভাপতি আছেন। দুয়েকজন সভায় অনুপস্থিত থাকলে সাংগঠনিক কাজে তেমন সমস্যা হওয়ার কথা না।
“তাছাড়া নগর কমিটির মেয়াদ তিন বছর। এখন কমিটির বয়স তিন বছর নয় মাস চলছে। কমিটির সদস্যরা অযোগ্য হলে সম্মেলন দিয়ে দিলেই পারে।”
সভাপতি-সাধারণ সম্পাদকের একই ধরনের মন্তব্যের বিষয়ে আফসারুল আমীন বলেন, “লালদীঘির সুর, লাঠি হাতে সুর, শহীদ মিনারে হাত মেলানো- সব সুর দেখেছি। তাদের সুর কখন কোনটা হয় তা বোঝা মুশকিল। সেটা জনগণও বোঝে না, কর্মীরাও বোঝে না।”
মেয়র আ জ ম নাছির উদ্দিন (ফাইল ছবি)
আরেক সাংসদ এম এ লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ধিত সভাসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যাই। মহানগর অনেক বড় এলাকা। শুধু এক স্থানে কর্মসূচি হলে পুরো নগরীর মানুষ সম্পৃক্ত হতে পারে না।
“নিজের সংসদীয় এলাকায় কর্মসূচি পালন করি। দলের আদর্শ ও উদ্দেশ্য সাধারণের মাঝে প্রচার করছি। প্রধানমন্ত্রী সবার কর্মকাণ্ড সম্পর্কে খবর রাখেন।”
নিষ্ক্রিয়তার অভিযোগের বিষয়ে সাংসদ লতিফ বলেন, “আমরা যে মাঠে আছি সেটা তারা ভালো করেই জানেন। নেত্রী আমাকে এই আসনের দায়িত্ব দিয়েছেন। নেত্রী ও দলের জন্য কাজ করছি।”
এ বিষয়ে নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি সভা-সমাবেশে আগেও বলেছি। গতকাল সাধারণ সম্পাদকও বলেছেন।
“এক বছরের মধ্যে কারা কারা দলীয় কর্মসূচিতে আসেনি সেটা পত্রিকার সংবাদ দেখলেই জানতে পারবেন। সেখানে তাদের নাম এসেছে।”
আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়ে পত্রিকায় দেখেছি। দল তো সবার আগে। মন্ত্রী-এমপিরা ব্যস্ত না থাকলে দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত। দলীয় যে কোনো কাজে নেতাদের সম্পৃক্ত থাকা প্রয়োজন।”
এনামুল হক শামীম বলেন, ১৮ জুলাই দক্ষিণ জেলার প্রতিনিধি সভা উপলক্ষে দলীয় সাধারণ সম্পাদকসহ চট্টগ্রাম যাবেন। তখন সবার সঙ্গে কথা বলবেন।
