‘নিষ্ক্রিয়’ নেতাদের হুঁশিয়ারি মহিউদ্দিন-নাছির-সুজনের
দশম জাতীয় নির্বাচনের তৃতীয় বর্ষ পূর্তির দিনে চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে নিষ্ক্রিয় নেতাদের সমালোচনায় সরব হয়েছেন নগর আওয়ামী লীগের তিন শীর্ষ নেতা মহিউদ্দিন চৌধুরী, আ জ ম নাছির উদ্দিন ও খোরশেদ আলম সুজন।
‘স্বাধীনতা, গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সরকারের তৃতীয় বর্ষপূর্তি’ পালনের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশের আয়োজন করে।
নগর কমিটির কয়েকজন সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীর সদস্য এবং নির্বাহী কমিটির বেশ কিছু সদস্য এই সমাবেশে অনুপস্থিত ছিলেন। আগের দিন একই স্থানে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের চেয়েও এদনি জমায়েত ছিল কম।
সমাবেশে দলীয় সাংসদদের অনুপস্থিতির সমালোচনা করেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নগর কমিটি ও তৃণমূলে পদধারীদের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ করেন।
পদ নিয়েও নিষ্ক্রিয় থাকা নেতারা নিজ উদ্যোগে দায়িত্ব না ছাড়লে দলীয় সিদ্ধান্তে তাদের বাদ দেওয়া হবে বলে হুঁশিয়ার করেন চট্টগ্রামের মেয়র নাছির।
সহ-সভাপতি সুজন বলেন, “দলে বহু মানুষ আছে যারা কোন দিকে বিএনপি-জামায়াত আছে সেদিকে উঁকি মারে। অন্য দলকে নয় নিজের দলকে ভালোবাসুন। এদেশের মানুষকে ভালোবাসুন।
“৫ জানুয়ারি অনেক মানুষ মারা গেছে। রক্ত দিয়ে অনেকে এমপি উপহার দিয়েছেন। আমাদের অনেক এমপি আছে। আজ শুধু একজনকে পেয়েছি- সাবিহা মুসা, উনাকে ধন্যবাদ।”
চট্টগ্রাম নগরীর তিনটি সংসদীয় আসমের মধ্যে চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম এ লতিফ নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য; চট্টগ্রাম-১০ আসনে সাংসদ আফসারুল আমীন দলের নগর কমিটির সহ-সভাপতি। আর চট্টগ্রাম-৯ আসনের সাংসদ জিয়া উদ্দীন আহমেদ বাবলু জাতীয় পার্টির নেতা।
গতবছর লতিফের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগ ওঠার পর তার অপসারণ চেয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মহিউদ্দিনের অনুসারী সুজন।
নগর আওয়ামী লীগের রাজনীতিতে আফসারুল আমীনের সঙ্গে সুসম্পর্ক আছে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের। অন্যদিকে বন্দর নিয়ে লতিফের অবস্থান মহিউদ্দিনের বিরোধী শিবিরে।
“আমরা কে কোন পদ অলঙ্কৃত করছি সেটি বড় কথা নয়। সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মানসিকতা নিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ করতে হবে। যারা পদ নিয়ে বসে আছেন, দায়িত্ব পালন করেন না, সভা সমাবেশে আসেন না...”
নাছির বলেন, “আমাদেরও তো কাজ আছে, দায়িত্ব আছে। আমরা তো প্রত্যেকটি সভা-সমাবেশে অংশগ্রহণ করছি। আপনাদের লজ্জা থাকা উচিত। পদ অলঙ্কৃত করবেন, সংগঠনের কাজে আসবেন না, সুযোগ-সুবিধা ভোগ করবেন এটা তো হতে পারে না।
“সংগঠনের সাথে প্রতারণা করতে পারেন না। নগর থেকে তৃণমূলে থানা-ওয়ার্ড প্রতিটি পর্যায়ে এমন লোক আছে। পদের প্রতি সুবিচার করুন। অন্যথায় স্ব উদ্যোগে পদ ত্যাগ করুন। অবিলম্বে কার্যকরী কমিটির সভা ও বর্ধিত সভা করব।”
২০১৪ সালের নভেম্বরে নগর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া নাছির দলকে ঢেলে সাজানোর কথা বলেন। যারা পদ নিয়ে দায়িত্ব পালন করেননি, তাদের চিহ্নিত করে পদ থেকে বাদ দিয়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের মূল্যায়নের কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, “তোমাদের তৈরি হতে হবে, আমাদের বয়স হয়ে গেছে। তবু রাজপথ ছাড়ি নাই। চলাফেরা করতে না পারলেও সভা-সমাবেশে যাচ্ছি।”
১০ জানুয়ারি লালদীঘি ময়দানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সমাবেশের আয়োজন করার কথা জানিয়ে নগর আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, নাছিরের সঙ্গেও এ বিষয়ে তার কথা হয়েছে, তারা প্রস্তুতি নিচ্ছেন।
“প্রতিটি ওয়ার্ডে ৬০ জন নেতা আছেন। এই ৬০ জন অবশ্যই তার অন্যান্য নেতাকর্মী নিয়ে আসবেন। একা আসলে হবে না। আমি আসলাম, মিটিং এর সামনে বসে বসে পা নাড়ালাম, তা হবে না। বহুত সহ্য করছি। একদিন দুই দিন তিন দিন। আর ত ন ফারি।”
নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অন্যদের মধ্যে সাংসদ সাবিহা মুসা, নগর কমিটির সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, উপ-প্রচার সম্পাদক শহীদুল আলম, বাকলিয়া ওয়ার্ডের নেতা সিদ্দিক আলম এবং কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু সমাবেশে বক্তব্য দেন।
