দলীয় প্রার্থীদের জন্য কাজ করতে না চাইলে এখনই সরে পড়ুন: নাছির
আগামী নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার ভাবনা যাদের নেই, সেসব নেতাদের এখনই সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
শনিবার নগরীর একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা জহুর আহমদ চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ পরামর্শ দেন।
আ জ ম নাছির বলেন, “আগামী নির্বাচনে দলের হয়ে যে কেউ মনোনয়ন চাইতে পারেন। যিনি মনোনয়ন পাবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে দলের সবাইকে কাজ করতে হবে।
“আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে হবে। যারা কাজ করবেন না তারা এখনই আওয়ামী লীগ থেকে সরে যেতে পারেন।”
আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত আট বছরে অর্থনৈতিক, সামাজিক ও রাজনীতির ক্ষেত্রে যে উন্নয়ন সেটা যথাযথভাবে জনগণের কাছে তুলে ধরার বিকল্প নেই বলে জানান তিনি।
“গত আট বছরে প্রধানমন্ত্রী উন্নয়নের যে নজিরবিহীন কীর্তি স্থাপন করেছেন তা সঠিকভাবে জনগণের কাছে তুলে ধরতে পারলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় অবশ্যম্ভাবী।”
এ লক্ষ্যে নগরীর ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড ও ১৫টি থানায় দলীয় ভিত্তিকে সুদৃঢ় করার জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী; সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী।
অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান ও তথ্য ও গবেষণা সম্পাদক চন্দর ধর বক্তব্য রাখেন।
