সাংসদ লতিফকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অতিথি না করার আহ্বান
দলীয় সাংসদ এম এ লতিফকে রাষ্ট্রীয় ও বন্দরের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে ‘বিবেচনা করে দেখতে’ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর সদরঘাটে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’র অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আগের দিন চট্টগ্রাম বন্দরের একটি অনুষ্ঠানে লতিফকে অতিথি করায় ক্ষোভ ও নিন্দা জানান খোরশেদ আলম সুজন।
তিনি বলেন, বন্দরের সুনাম ও উৎপাদনশীলতার পেছনে দক্ষ কর্মকর্তা-কর্মচারী এবং বন্দর ব্যবহারকারীদের অর্জন আছে। তাদের শ্রমে-ঘামেই বন্দর আজ আন্তর্জাতিক সুনাম অর্জন করেছে।
লতিফকে ইঙ্গিত করে সুজন বলেন, এ অর্জনে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে যারা দুর্ব্যবহার করে তাদের কোনো অবদান নেই। জাতির জনকের প্রতিকৃতি বিকৃতকারীদের যারা আশ্রয়-প্রশ্রয় দেয় দেশের জনগণ তাদেরও ঘৃণাভরে প্রত্যাখান করবে।
আওয়ামী লীগ নেতা সুজন বলেন, ভবিষ্যতে লতিফকে রাষ্ট্রীয় ও বন্দরের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করার আগে যথাযথ বিবেচনা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
“বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিকৃতিকারী জনরোষের শিকার হলে তার জন্য আমন্ত্রণকারীরাই দায়ী থাকবে।”
চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফর উপলক্ষে বন্দর-পতেঙ্গা এলাকায় সাংসদ এম এ লতিফের দেওয়া বিলবোর্ডে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করা হয় বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনার পরই লতিফের বিরুদ্ধে আন্দোলনে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’ নামের সংগঠনটি সরব হয়।
এবার বন্দর ইস্যুতে চট্টগ্রাম আওয়ামী লীগের রাজনীতিতে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা আবারও সরব হয়ে উঠেছেন।
নগরের রাজনীতিতে মহিউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত সুজন বঙ্গবন্ধুর ‘ছবি বিকৃতি’র অভিযোগে লতিফের দ্রুত বিচারের দাবিতে ২২ নভেম্বর শহীদ মিনারে সমাবেশেরও ডাক দিয়েছেন বৃহস্পতিবারের সভা থেকে।
৯ নভেম্বর বন্দরের ৫ নম্বর জেটি গেটে এক সমাবেশে দলের তিন নেতা এবং বন্দরের জেটি পরিচালনাকারী বেসরকারি বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেকের শীর্ষ কর্মকর্তাকে ‘ডাকাত’ আখ্যায়িত করে মহিউদ্দিন চৌধুরী বলেন, এরা চট্টগ্রাম বন্দরকে ‘খেয়ে ফেলছে’।
যে চারজনের বিরুদ্ধে মহিউদ্দিন অভিযোগ তুলেন, তারা হলেন- নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, বন্দর-পতেঙ্গার সাংসদ এম এ লতিফ, পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী এবং বার্থ অপারেটর সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।
এরপর বুধবার সকালে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে নৌমন্ত্রী শাজাহান খান বন্দরের বিষয়ে মহিউদ্দিনের অভিযোগ আমলে না নিয়ে বলেন, কেউ বলেন- বন্দর মাফিয়াদের হাতে, ডাকাতের হাতে।
“ডাকাতের হাতে পড়ুক আর মাফিয়াদের হাতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, এ কথা অনস্বীকার্য আট বছরে একটা বন্দর ২২ ধাপ এগিয়ে যাবে সেটা অকল্পনীয় ব্যাপার।”
বুধবার বিকালে বন্দর শ্রমিকদের বিশেষ উৎসাহ বোনাস প্রদানের ওই অনুষ্ঠানে নৌমন্ত্রী ও সিটি মেয়র নাছির উদ্দিনের সঙ্গে অতিথি ছিলেন সাংসদ এম এ লতিফও।
ওই অনুষ্ঠানে লতিফ বলেন, বন্দর যখন আন্তর্জাতিক পরিমাপে ২২ ধাপ উঠে গেল- এক মুহূর্তের জন্য যখন বন্ধ হলো না। বন্দরের উৎপাদনশীলতা যখন প্রতিমাসে লক্ষ্যমাত্রা অতিক্রম করছে সে সময় বন্দর ডাকাতের কবলে, বন্দর মাফিয়ার কবলে যারা বলে- তারা কি আগের অবস্থায় বন্দরকে কালো তালিকাভুক্ত করতে চায়?
“নাকি বন্দরে আসা জাহাজ কন্টেইনারের উপর সারচার্জ আরোপ চায়, এটাই আমার প্রশ্ন।”
এরপর বন্দরের ওই অনুষ্ঠানে লতিফকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে বৃহস্পতিবার সভা করে ‘জাগ্রত ছাত্র যুব জনতা’।
সংগঠনটির আহ্বায়ক এ এস এম জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং আবদুর রহিম জিল্লুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাহবুবুল হক সুমন, নুরুল কবির, শওকত হোসাইন, সালাহ উদ্দিন, মোরশেদ আলম প্রমুখ।
