২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিনের কথায় গা নেই শাজাহান খানের

চট্টগ্রাম বন্দর নিয়ে দলের নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কথা আমলেই নিচ্ছেন না নৌমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব‌্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 04:18 PM

Updated : 20 Aug 2022, 02:15 PM

তার দাবি, যে যাই বলুক না কেন, চট্টগ্রাম বন্দর এখন আগের যে কোনো সময়ের চেয়ে গতিশীল।

দেশের প্রধান বন্দরের জেটি পরিচালনাকারী কোম্পানিটির বিরোধিতা করে আসা চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন সম্প্রতি এক সমাবেশে বলেছিলেন, বন্দর এখন ‘৪ ডাকাতের’ কবলে।      

বুধবার নগরীর বারেক বিল্ডিং এলাকায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষা সমাপনী ও নব-নির্মিত ট্রেইনিজ হোস্টেল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ওই প্রসঙ্গটি তোলেন শাজাহান খান।

তিনি বলেন, “অনেকে এ ব্যাপারে সমালোচনা করতে পারেন; কেউ বলেন- বন্দর মাফিয়াদের হাতে, ডাকাতের হাতে।

“ডাকাতের হাতে পড়ুক আর মাফিয়াদের হাতে পড়ুক, যেখানেই পড়ুক না কেন, এ কথা অনস্বীকার্য আট বছরে একটা বন্দর ২২ ধাপ এগিয়ে যাবে সেটা অকল্পনীয় ব্যাপার।”

বন্দরের এত উন্নয়ন আগে কখনও হয়নি দাবি করে তিনি বলেন, “২০০৯ সালে যখন ক্ষমতায় আসি তখন লয়েড লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল ৯৮তম। সেখানে আমরা এখন ২২ ধাপ এগিয়ে ৭৬তম অবস্থানে উন্নীত হয়েছি ২০১৬ সালে।”

 “আমি মনে করি কে কী আমাদের সম্পর্কে বলল, সেটা বড় কথা নয়; আমরা কী করতে পেরেছি, সেটা বড় কথা। এসব বলে আমাদের পিছু হটাতে পারবে না। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ,” বলেন নৌমন্ত্রী।

চট্টগ্রাম বন্দরের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাওয়ায় বন্দর কর্মকর্তাদের তিনি ‘সোনার ছেলে’ বলে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নের ‘সুপারমুন’ বলেও অভিহিত করেন শাজাহান খান; তবে কেন এই অভিধা, তা স্পষ্ট হয়নি তার বক্তব‌্যে।

নাবিকদের কর্মসংস্থানের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “বাংলাদেশ শিপিং করপোরেশন সামনে ৩৬টি জাহাজ কিনবে। সেখানেই আমাদের অনেক নাবিকের প্রয়োজন হবে। বিকল্প উপায়েও আমরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ লতিফ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল এবং নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জাকিউর রহমান ভুইয়া।

পুরনো খবর:

৪ ডাকাতের কবলে বন্দর: মহিউদ্দিন
বন্দরের ঘুষের টাকা পায় মন্ত্রী-সংসদীয় কমিটি, অভিযোগ মহিউদ্দিনের
মহিউদ্দিনকে আলোচনায় ডাকলেন শাজাহান