রায়ের সন্তুষ্ট হিমুর মার চাওয়া দণ্ড দ্রুত কার্যকর
হিমাদ্রী মজুমদার হিমু হত্যাকাণ্ডে পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়ে দণ্ড দ্রুত কার্যকর দেখতে চেয়েছেন এই কলেজছাত্রের মা।
রোববার চট্টগ্রামের আদালতে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গোপা মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মা হিসেবে আমি এ রায়ে সন্তুষ্ট। প্রত্যাশা অনুযায়ী আসামিদের মৃত্যুদণ্ড হয়েছে।”
রায়ের সময় আদালতে হিমুর বাবা প্রবীর মজুমদার এবং মামা মামলার বাদী শ্রীপ্রকাশ দাশ অসিত আদালতে থাকলেও মা গোপা মজুমদার ছিলেন নগরীর হেম সেন লেইনের বাসাতেই।
ছেলের ছবির সামনে বসে গোপা কাঁদছিলেন বলে স্বজনরা জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল বন্দরনগরীর পাঁচলাইশ এলাকার সামারফিল্ড স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে হিমুকে ধরে নিয়ে যান জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
পাঁচলাইশ এলাকায় ব্যবসায়ী রিয়াদের বাবা শাহ সেলিম টিপুর বাড়ির ছাদে আটকে রেখে মারধরের পর হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয় হিমুকে। ২৬ দিন পর হাসপাতালে মারা যান হিমু।
হিমাদ্রী মজুমদার হিমু
গোপা বলেন, “আমার ছেলেকে তো আমি বাঁচাতে পারিনি। সে হাসপাতালে বারবার বাঁচার জন্য আকুতি করছিল। আমি মা হিসেবে আমার সন্তানের জন্য কিছুই করতে পারিনি সেদিন।
“সে যেখানেই থাকুক, এ রায় তো সে দেখেছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের সাজা দ্রুত কার্যকর হলে হিমুর আত্মা শান্তি পাবে।”
মাদক সেবনে বাধা দেওয়ায় ‘এ’ লেভেলের ছাত্র হিমুকে হত্যা করা হয়েছিল বলে তার পরিবারের দাবি।
হিমুর মামার করা মামলার রায়ে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মাহনগর দায়রা জজ নুরুল ইসলাম পাঁচ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তিন আসামি
টিপু, সাজু ও ড্যানি গ্রেপ্তার থাকলেও বাকি দুই আসামি পলাতক।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিমুর বাবা প্রবীর মজুমদার পলাতক দুই আসামির গ্রেপ্তার দাবি জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, “বিচার প্রক্রিয়ায় দেরি হলেও রায়ে আমি সন্তুষ্ট। শত বাধা বিপত্তি উপেক্ষা করে আজকের এই জায়গায় এসেছি।”
প্রভাবশালী আসামিদের সঙ্গে লড়াইয়ের কথা জানিয়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত পলাতক দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান হিমুর বাবা।
“আমার ছেলেকে হত্যার পর থেকে অনেক হুমকি পেয়েছি। তাদের পরিবার অনেক প্রভাবশালী।”
আদালতে হিমুর বাবা প্রবীর মজুমদার
ভবিষ্যতেও হুমকির সম্মুখীন হওয়ার শঙ্কা প্রকাশ করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন তিনি।
রায়ের সন্তষ্ট বাদী শ্রীপ্রকাশ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকৃত আসামিরা সাজা পেয়েছে, এতে আমি ও আমার বোনের পরিবারের সদস্যরা খুশি।”
মামলাটি ভিন্ন খাতে নিতে নানামুখী ষড়যন্ত্র মোকাবেলায় গণমাধ্যমের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।
এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্ত্তী সাংবাদিকদের বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং আশা করছেন উচ্চ আদালতেও সাজা বহাল থাকবে।
২০ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে আদালতের রায় হয় বলে জানান তিনি।
