২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরিস্থিতি ‘উত্তপ্ত করতে’ বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নিয়ে বিভ্রান্তি: তদন্ত কমিটি

বাঁশখালীর গণ্ডামারায় সংঘর্ষে হতাহতের ঘটনার আগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় জনগণের মধ্যে ‘বিভ্রান্তি তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছিল’ বলে মনে করছে চট্টগ্রাম জেলা  প্রশাসনের তদন্ত কমিটি। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 03:26 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

পুরনো খবর:

বাঁশখালীর ঘটনা রাজনৈতিক ইন্ধনে: সাংসদ
বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র: পর্যাপ্ত সর্তকতা না থাকলে ‘ক্ষতি দীর্ঘমেয়াদি’
দুই চাচা হারানোর পর হাসপাতালে হাতকড়া
ভিটে-পেশা হারানোর শঙ্কা থেকে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা
এক মিছিলে দুই ভাইকে হারালেন বাঁশখালীর বদি
বাঁশখালীতে ৩ মামলা, আসামি ৬ হাজার
বিদ্যুৎকেন্দ্র নিয়ে রক্তাক্ত বাঁশখালী

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মমিনুর রশিদের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি সোমবার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের কাছে পাঁচ পৃষ্ঠার যে তদন্ত প্রতিবেদন দিয়েছে, তাতে উঠে এসেছে এই পর্যবেক্ষণ। 

জেলা প্রশাসক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় জনগণকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ‘পজিটিভ’ দিকগুলো জানানো হয়নি। এর মধ্য দিয়ে তাদের বিভ্রান্তিকর পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।”

এ বিষয়ে সরকারকে অবহিত করার পর নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেজবাহ উদ্দিন।

তদন্ত কমিটির প্রধান মমিনুর রশিদ বলেন, “বিদ্যুৎকেন্দ্র নিয়ে স্থানীয় জনগণের মধ্যে স্বচ্ছ ধারণা ছিল না বলে তদন্তে দেখা গেছে।”

প্রতিবেদনে জনগণের ‘বিভ্রান্তি দূর করতে’ উদ্যোগ নেওয়ার এবং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ‘স্থানীয় এক বিএনপি নেতা’ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে ‘বিভ্রান্তি ছড়িয়ে স্থানীয় জনগণকে ভুল বুঝিয়েছিল’।

“এর মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হয় বলে প্রতিবেদনে লেখা হয়েছে।”

জেলা প্রশাসনের এ তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সদর) তরিকুল ইসলাম ও অতিরিক্ত পিপি মনোরঞ্জন দাশ।

চীনের একটি প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় গণ্ডামারার বড়ঘোনায় ৬০০ একর জমিতে ২০ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট ক্ষমতার এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে চট্টগ্রামের ব্যবসায়িক গ্রুপ এস আলম।

এপ্রিলের ‍শুরুতে স্থানীয় বিএনপি নেতা লিয়াকত আলীর নেতৃত্বে বসতভিটা রক্ষা কমিটির ব্যানারে স্থানীয়দের একটি অংশ এই বিদ্যুৎকেন্দ্রের জন্য ভূমি অধিগ্রহণের বিরোধিতায় আন্দোলন শুরু করে। তাদের অভিযোগ ছিল, এস আলম গ্রুপ পুনর্বাসনের সুযোগ না দিয়ে জোর করে জমি অধিগ্রহণ করছে।

স্থানীয়দের অন্য একটি অংশ ওই বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে অবস্থান নিলে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে গত ৪ এপ্রিল বিকালে সংঘর্ষে চারজন নিহত হন।

দুইপক্ষের মারমুখী অবস্থানের মধ্যে পুলিশ ও ইউএনও ফিরে আসা কঠিন হয়ে পড়ায় বাধ্য হয়ে ওইদিন গুলি ছোড়া হয়েছিল বলে সাংবাদিকদের কাছে দাবি করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

তিনি বলেন, “ঘটনার দিন দুইটি পক্ষ সমাবেশ ডাকে। স্থানীয় মাঠে দুইপক্ষ একসাথে সমাবেশ ডাকলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেখানে ১৪৪ ধরা জারি করে।

“এতেও ক্ষান্ত না হয়ে বিদ্যুৎকেন্দ্র বিরোধীরা মারমুখী হয়ে উঠে এবং বিক্ষুব্ধরা পুলিশ ও ইউএনওকে ঘিরে ধরে। তাদের ফিরে আসা কঠিন হওয়ায় পুলিশ বাধ্য হয়ে গুলি ছুঁড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।”

সংঘর্ষে পুলিশের সাথে বিদ্যুৎকেন্দ্র বিরোধীরাও গুলি ছুড়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হলেও কোন পক্ষের গুলিতে চারজন নিহত হয়েছে তা উল্লেখ নেই।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “ঘটনার উসকানিদাতা হিসেবে তদন্ত প্রতিবেদনে বারাবার বিএনপি নেতা লিয়াকত আলীর নাম উঠে এসেছে।”

স্থানীয় জনগণকে ও উপজেলা প্রশাসনকে এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত করার জন্য সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

সংঘর্ষের ঘটনার পর বাঁশখালীতে তিনটি মামলা হয়, যাতে আসামি করা হয় ছয় হাজার মানুষকে। পরের প্রায় দুই সপ্তাহ উত্তেজনা চলার পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসে। 

গণ্ডামারা ইউনিয়নবাসী বলছেন, ভিটে ও পেশা হারানোর শঙ্কা থেকেই বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা।

অন্যদিকে এস আলম গ্রুপ ও প্রশাসন পরিবেশ ও স্থানীয় জনগণের ক্ষতি না করেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে।