২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর বিদ্যুৎকেন্দ্র: পর্যাপ্ত সর্তকতা না থাকলে ‘ক্ষতি দীর্ঘমেয়াদি’

বাঁশখালীর গণ্ডামারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ‘পর্যাপ্ত সর্তকতা’ অবলম্বন না করলে এর পরিবেশগত প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মিঠুন চৌধুরী মিঠুন চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2016, 11:21 PM

Updated : 20 Aug 2022, 12:22 PM

তবে কেন্দ্র নির্মাণকারী বেসরকারি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের দাবি, সব ধরনের ছাড়পত্র ও পরিবেশ দূষণ রোধের প্রস্তুতি নিয়েই কেন্দ্রটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে মুজিবের টিলা এলাকায় সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হয়। আহত হয় পুলিশসহ ১৯ জন।

মাস খানেক আগে পশ্চিম বড়ঘোনা এলাকায় সাগর তীরে বিদ্যুৎকেন্দ্রের জেটি নির্মাণের জন্য মাটি ভরাটের কাজ শুরু হয়। এরপর থেকেই শুরু হয় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ও বিরোধিতা।

Image
এই লবণ ঘের হারানোর শঙ্কা

এই লবণ ঘের হারানোর শঙ্কা

সোমবার কেন্দ্র বিরোধী সমাবেশের ডাক দেয় ‘ভিটামাটি রক্ষাকারী এলাকাবাসী’ নামে স্থানীয়দের এক সংগঠন। একই স্থানে কেন্দ্রের পক্ষের লোকজনও সমাবেশ ডাকলে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসীর ধারণা, কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হলে আশেপাশের ১০ কিলোমিটার এলাকার বাসিন্দারা বসতভিটা এবং চাষের জমি হারাবেন। জমিতে লবণ, চিংড়ি, ধানসহ অন্য চাষাবাদ সম্ভব হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, কিছুটা গুজবনির্ভর হলেও পরিবেশগত প্রভাবের বিষয়ে গ্রামবাসীর এ ধারণা পুরোপুরি অমূলক নয়।

তাপীয় দূষণ ও ভারী বাতাস

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে মূলত কয়লা জ্বালিয়ে পানি উত্তপ্ত করে তাপ উৎপাদন করা হবে। সেই তাপেই হবে বিদ্যুৎ। এজন্য প্রয়োজন প্রচুর পরিমাণে কয়লা ও মিঠা পানি।

কয়লায় সালফার, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন থাকে। কয়লা পোড়ার পর অবশিষ্ট হিসেবে থাকবে সালফার ও ফ্লাই অ্যাশ। আর প্রচুর পরিমাণে উত্তপ্ত পানি (হট ওয়াটার)।

বিশেষজ্ঞরা বলছেন, এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে সমুদ্র, সংলগ্ন ভূমি ও ওই এলাকার আবহাওয়া হয়ে ক্রমান্বয়ে জীব বৈচিত্র্যে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. দানেশ মিঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাই অ্যাশ এবং হট ওয়াটার পরিবেশের ক্ষতি করতে পারে।

“গরম পানি ঠাণ্ডা করে সমুদ্রে না ফেললে মারাত্মক থার্মাল পলিউশন (তাপীয় দূষণ) হবে। এর মধ্য দিয়ে সমুদ্রের ইকোসিস্টেম ধ্বংস হতে পারে। ফ্লাই অ্যাশ বাতাসে উড়িয়ে নিয়ে আশেপাশের জনবসতিতে পৌঁছালে জনস্বাস্থ্যের ক্ষতি হতে পারে।”

দানেশ মিঞা বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্র করলে যথযাযথ ও পর্যাপ্ত নিরাপদ প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হলে পরিবেশগত ক্ষতিকর প্রভাব অনেক কমে আসবে। তা না হলে, দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

Image
বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ

বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ

সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রে সাধারণত খুব ভালো মানের কয়লা ব্যবহৃত হয় না।

“সাধারণত একটু নিম্নমানের কয়লাই ব্যবহার করা হয়। এতে প্রচুর পরিমাণে সালফার অবশেষ হিসেবে থাকে।”

সালফার বাতাসে মুক্ত হলে তা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফারের বিভিন্ন অক্সাইড গঠন করে, যার ভূমিকা অনেকটা কার্বন-ডাই-অক্সাইডের মতো।

বাতাসে থাকা সালফারের এসব অক্সাইড বৃষ্টির ছোঁয়ায় সালফিউরিক এসিড হিসেবে মাটিতে এসে পড়বে। এটাই এসিড বৃষ্টি।

দানেশ মিয়া বলেন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে কয়লা বিদ্যুৎকেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় এসিড বৃষ্টি হয়। তবে সেগুলো আরও বড় কেন্দ্র।

ইদ্রিস আলী বলেন, এরকম সালফার বাতাসে ক্রমাগত নির্গত হলে স্থায়ী ধোঁয়াশার মতো আবরণ সৃষ্টি হয়ে বাতার ভারী হয়ে পড়তে পারে। এলাকার তাপমাত্রা বাড়তি থাকবে।

“সালফারের চক্রের কারণে মাটি উর্বরতা হারাতে পারে। ২০ বছর পর সংলগ্ন সাগরের পানিও এসিডিক হয়ে পড়তে পারে।”

গণ্ডামারা সংলগ্ন সাগরের অংশটি কুতুবদিয়া চ্যানেলের কাছাকাছি। সাগরের এই অংশ স্থানীয় জেলেদের কাছে ইলিশ প্রাপ্তির স্থান হিসেবে পরিচিত।

ইদ্রিস আলী বলেন, তাপীয় দূষণ ও এসিডিক প্রভাবের কারণে মাছ দূরে সরে যাবে। 

চাই পরিবেশগত সুরক্ষা

নানা আশঙ্কার কথা বললেও চীন, ভারত, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা বা তৃতীয় বিশ্বের কিছু দেশে এখনও কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে।

দানেশ মিয়া বলেন, কয়লার হাত ধরে বিশ্বে উন্নয়ন যাত্রা শুরু হলেও কয়লাভিত্তিক শিল্প উন্নত দেশে এখন খুবই কম।

Image
চলছে বিদ্যুৎকেন্দ্রের জমি তৈরি

চলছে বিদ্যুৎকেন্দ্রের জমি তৈরি

“পরিবেশ, জনস্বাস্থ্য ও সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষায় যত কম কয়লা ব্যবহার করা যায় সেটা দেখতে হবে। কয়লা কী পদ্ধতিতে ওই কেন্দ্রে পৌঁছাবে সেটাও বিবেচ্য।”

ইদ্রিস আলী বলেন, পানি ঠাণ্ডা করে যদি ছাড়া যায় এবং সালফার ও ফ্লাই অ্যাশ পুরোপুরি বাতাসে উন্মুক্ত না করা হয় তাহলে ক্ষতিকর প্রভাব কমে আসবে।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব শর্ত মেনেই সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্রের জন্য আমরা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করেছি।”

বিশ্বের উন্নত অনেক দেশে কয়লা বিদ্যুৎকেন্দ্র থাকার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “তা পরিবেশের ক্ষতি করছে না। এখানেও করবে না।”

কোনো বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণের জন্য অবস্থানগত ছাড়পত্র এবং এরপর উৎপাদনে যেতে পরিবেশগত ছাড়পত্র নিতে হয়।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক মকবুল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশগত ছাড়পত্রের বিষয়টি ঢাকায় পরিবেশ অধিদপ্তরে প্রাথমিক পর্যায়ে প্রক্রিয়াধীন আছে।

পুরনো খবর:

ভিটে-পেশা হারানোর শঙ্কা থেকে বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা
বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র: প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রকাশের দাবি