বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র: প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রকাশের দাবি
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে পরিবেশ ও জনগণের ওপর প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মতামত প্রকাশের দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
বুধবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানায় কমিটির নেতারা।
বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকায় এস আলম গ্রুপের কয়লা ভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষে ও পুলিশের সাথে সংঘর্ষে সোমবার চারজন নিহত হয়।
কমিটির চট্টগ্রাম শাখার আহ্বায়ক আবুল মোমেন ও সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্যে সরকারের কাছে দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, লবণ চাষের জন্যে খ্যাত এ অঞ্চলে এরকম একটি বৃহৎ স্থাপনা নির্মাণের আগে বিনিয়োগকারী, প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে সমঝোতা বৈঠক হওয়া দরকার।
সেই সাথে পরিবেশ ও জনগণের ওপর প্রভাবসহ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে বিশেষজ্ঞদের দিয়ে প্রতিবেদন প্রস্তুত করে তা প্রকাশ করার আহ্বান জানানো হয়।
