চবি অর্থনীতি বিভাগের সুবর্ণ জয়ন্তীতে ইউনূস-কাতরতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ঘুরে ফিরেই এসেছে বিভাগের সাবেক শিক্ষক নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের কথা।
শনিবার ক্যাম্পাসে এই অনুষ্ঠানে ইউনূস ছিলেন না। সরকারের সঙ্গে চলমান দ্বন্দ্বের কারণে ‘বিব্রত না হতে’ তিনি অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বলে তার এক সহকর্মী জানান।
অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
সুবর্ণজয়ন্তী বক্তা অধ্যাপক রেহমান সোবহান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের মতো মহান অর্থনীতিবিদকে জন্ম দিতে পেরেছে, সে বিভাগের সুবর্ণজয়ন্তী বক্তা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।”
মুক্তিযুদ্ধের সময় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে ইউনূসের কাজ এবং পরে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় তার ভূমিকাও তুলে ধরেন এই অর্থনীতিবিদ।
অনুষ্ঠানে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, “এখানে বক্তব্য দিতে গিয়ে আমার কান্না পাচ্ছে। প্রফেসর ইউনূসকে আমরা সাথে রাখতে পারিনি।
“বাংলাদেশের প্রথম নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর সাথে প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগত দ্বন্দ্বের জের এমন অবস্থায় নিয়ে এসেছে যে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান থেকে তিনি (ইউনূস) নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, যেন তাকে বিব্রত হতে না হয়।”
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রামাণ্য চিত্রে গ্রামীণ ব্যাংকের অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে সরানোর অভিযোগ ওঠার পর বয়স পেরুনোর কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের থেকে ইউনূসকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।
মুহাম্মদ ইউনূস
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে হেরে যান ইউনূস। তারপর গ্রামীণ ব্যাংকের সঙ্গে সরকারের দ্বন্দ্ব চলার মধ্যে ক্ষমতাসীন দলের নেতারা অভিযোগ করেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন আটকাতে তদ্বির চালিয়েছিলেন এই নোবেলজয়ী।
মইনুল ইসলাম বলেন, “আপনারা অনেকে হয়ত জানেন না, প্রধানমন্ত্রী আমাকে একটু সমঝোতার ব্যবস্থা করতে বললেন। আমি অনেকখানি এগিয়ে গেলাম। কিন্তু আবার কী ঘটল জানি না, উল্টে গেছে। তখন আমি নিজের এই ভূমিকাটা পরিত্যাগ করেছি।”
ইউনূসের ‘অসম্মান পর্বের’ অবসানও চেয়েছেন তার সাবেক এই সহকর্মী।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহ্ম্মদ সিকান্দার খান সাবেক সহকর্মী ইউনূসের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ ব্যাংক গভর্নর এক বক্তৃতায় বলেছেন- ‘নাথিং রং ওয়াজ ফাউন্ড ইন গ্রামীণ ব্যাংক একাউন্টস’।
“নরওয়ে সরকারের যারা এসেছিলেন তারাও বলেছেন ‘নাথিং রং ওয়াজ ডান ইন ট্রান্সফারিং মানি ফ্রম ওয়ান একাউন্ট টু এনাদার’। আমি সার্টিফাই করতে পারব যে ড. ইউনুস দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে নাই।”
‘চার মূলনীতির বাস্তবায়ন করতে হবে’
বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি নিশ্চিত করতে ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য রেহমান সোবহান।
তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে ’৭২ এর সংবিধানের চার মূলনীতি তথা ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সুদৃঢ় জাতীয়তাবাদ আর সামাজিক সমতা নিশ্চিত করতে হবে, যা দেশের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করবে, গড়ে তুলবে সুদৃঢ় সামাজিক সমৃদ্ধি।”
অর্থনীতিকে টেকসই করতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় ঝরে পড়ার হার কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশের অধিকাংশ ভালো স্কুল ঢাকা-চট্টগ্রামে। এই প্রবণতা দূর করে শিক্ষাকে সবার কাছে ছড়িয়ে দিতে হবে।
ছাত্র রাজনীতির নামে কতিপয় শিক্ষার্থীর ‘ব্যবসায়ী’ হয়ে ওঠা ঠেকানোর আহ্বানও জানান রেহমান সোবহান।
যে চারটি বিভাগ নিয়ে ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদালয়ের যাত্রা অর্থনীতি বিভাগ তার একটি। সুবর্ণ জয়ন্তীতে অংশ নেন বিভাগটির তিন হাজার সাবেক শিক্ষার্থী।
তিনি বলেন, “যেসব শিক্ষার্থীরা আজ এখানে বক্তব্য শুনছেন, তাদের বলছি স্বপ্ন দেখুন। স্বপ্ন দেখুন বড় কিছু হওয়ার। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে আমি যদি মেয়র হতে পারি, তবে আপনিও পারবেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে।”
প্রায় এক বছর আগে মেয়রের দায়িত্ব নিয়ে নানা প্রতিকূলতা অতিক্রমের কথাও বলেন তিনি।
“ঢাকার ২০ হাজার অবৈধ বিলবোর্ড নামিয়েছি। প্রতিটা বিলবোর্ডের পেছনে যদি তিনজন করে মাস্তান থাকে তাহলে ৬০ হাজার মাস্তান এখন আমার শত্রু হয়ে দাঁড়িয়েছে। ট্রাক, বাস, অবৈধ দখল এগুলোর পিছনে হাজার কোটি টাকার সিন্ডিকেট আছে। ইটস নট ইজি টু ব্রেক।”
উৎসবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আলী আশরাফ, অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক ড. আবুল কালাম আযাদ, অধ্যাপক ড. নিতাই চন্দ্র নাথ, অধ্যাপক জ্যোতি প্রকাশ দত্ত, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী বক্তব্য রাখেন।
