২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ তারই গুদাম ঘরে

“আমাদের ধারণা মোতালেব বিষপানে আত্মহত্যা করেছেন” বলেন চট্টগ্রামের হালিশহর থানার ওসি।

নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ তারই গুদাম ঘরে
চট্টগ্রামের হালিশহরে বসুন্ধরা আবাসিক এলাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2024, 07:37 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

চট্টগ্রামে নিখোঁজের চার দিন পর নিজের গুদাম থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার একটি বাসা থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে দরজা ভেঙে লাশটি উদ্ধার করা হয়। 

৩৭ বছর বয়সী আব্দুল মোতালেব ইলেক্ট্রনিক্স পণ্যের ব্যবসা করতেন বলে জানিয়েছে পুলিশ। 

হালিশহর থানার ওসি কায়সার হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কে পরিবার নিয়ে থাকতেন মোতলেব। দুই দিন বাসায় না ফেরায় গত ১২ জুন তার স্ত্রী হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। 

তার দোকানটিও বসুন্ধরাতেই ছিল। দোকানের পেছনে একটি ভবনের বাসা ভাড়া নিয়েছিলেন গুদাম হিসেবে। ওই বাসা থেকেই লাশটি উদ্ধার করা হয়। 

মোতালেবের মৃত্যুর কারণ কী হতে পারে- এই প্রশ্নে ওসি বলেন, “ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। আমাদের ধারণা মোতালেব বিষপানে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।”