২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামেও সমাবেশের অনুমতি মিলল না জামায়াতের

এ নিয়ে জামায়াতের বক্তব্য, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা শান্তির্পূণভাবে সমাবেশ করতে চেয়েছি। কিন্তু তারা দেয়নি।”

চট্টগ্রামেও সমাবেশের অনুমতি মিলল না জামায়াতের

শনিবার দুপুরে অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে ১৩ সদস্যদের প্রতিনিধিদল সিএমপি কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সমাবেশের আবেদন জমা দেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2023, 09:29 PM

Updated : 19 Jul 2023, 09:29 PM

সিলেটে অনুমতি না পেয়ে সমাবেশ পেছানোর পর এবার চট্টগ্রামেও সমাবেশ করার অনুমতি পেল না জামায়াতে ইসলামী।

বুধবার চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে সমাবেশ করার অনুমতি না দেয়ার বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে বলে অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) স্পিনা রাণী প্রামাণিক জানান।

চারদিন আগে দলটির আইনজীবী অ্যডভোকেট শামসুল আলমের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর শাখার ১৩ সদস্যের প্রতিনিধিদল সিএমপিতে এই আবেদন করেছিলেন।

শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটমকে বলেন, “আমরা লালদীঘি মাঠে সমাবেশের অনুমতি চেয়ে সিএমপিকে চিঠি দিয়েছিলাম। অনুমতি না দেয়ার বিষয়টি তারা আমাদের টেলিফোনে জানিয়েছে।

“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা শান্তির্পূণভাবে সমাবেশ করতে চেয়েছি। কিন্তু তারা দেয়নি।”

নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমীরে জামায়াত শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয়ক্ষমতায় নিয়ে আসাসহ ১০ দফা দাবিতে এই সমাবেশ করতে চেয়েছিল জামায়াত।

এসব দাবিতে গত শনিবার সিলেটেও সমাবেশ করার কথা ছিল দলটির। তবে পুলিশের অনুমতি না পেয়ে পরে তা পিছিয়ে আগামী ২১ জুলাই করার সিদ্ধান্ত হয়।

২০১৩ সালের পর থেকে জামায়াত দেশের কোথাও সমাবেশ করতে পারেনি। এর মধ্যে গত ১০ জুন ঢাকায় ‘নির্বিঘ্নে’ সমাবেশ করা নিয়ে রাজনীতিতে আলোচনার তৈরি হয়। দশ বছর পর সেই সমাবেশ দলটি করতে পারলেও সিলেট ও চট্টগ্রামে কোথাও সমাবেশের অনুমিত পেল না।

আরও পড়ুন

পুরনো খবর:

চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন
পুলিশের ‘সায়’ না পেয়ে সিলেটের সমাবেশ পেছাল জামায়াত