২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে জামায়াতের আবেদন

শনিবার দুপুরে অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জমা দেয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2023, 08:55 PM

Updated : 15 Jul 2023, 08:55 PM

দশ দফা দাবিতে চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করতে পুলিশের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) কর্তৃপক্ষের কাছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর শাখার ১৩ সদস্যের আইনজীবী  প্রতিনিধিদল গিয়ে এ আবেদন করে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার স্পিনা রাণী প্রামাণিক বলেন, “জামায়াতের একটি প্রতিনিধি দল এসেছিল।  সিএমপিতে সারাদিন বিভিন্ন সভা থাকায় কোনো কর্মকর্তার সাথে তাদের সাক্ষাৎ হয়নি। পত্রগ্রহণ শাখায় চিঠিটি দিয়ে তারা চলে গেছেন।”

শনিবার দুপুরে অ্যাডভোকেট শামসুল আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সিএমপি কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন জমা দেয় বলে দলটির মহানগর শাখার অফিস সেক্রেটারি এএইচএম কামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্দলীয় নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক আমীরে জামায়াত শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয়ক্ষমতায় নিয়ে আসাসহ ১০ দফাতে এ সমাবেশ করতে চায় জামায়াত।

আইনজীবী প্রতিনিধিদলের নেতা শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সমাবেশের অনুমতি চেয়ে নগরীর দামপাড়ায় সিএমপি কমিশনার বরাবর আবেদন নিয়ে যাই। তিনি মিটিংয়ে ব্যস্ত থাকায় সংশ্লিষ্ট দপ্তর এটি রিসিভ করেছেন।”

সমাবেশ করার অনুমতি পাবেন বলে আশা করেন তিনি।

প্রতিনিধিদলে ছিলেন আইনজীবী সৈয়দ এহতেশামুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সাবেক সহকারী সেক্রেটারি কবির হোসাইন, আলমগীর মোহাম্মদ ইউনুস, আফসারুর রশীদ, জিয়াউল হক জিয়া, ফজলুল বারী, ফরিদুল আলম, আরিফুর রহমান, আবুল মোজাফফর, সমিতির কার্যকরি কমিটির সদস্য মিনহাজ উদ্দিন, আবদুল্লাহ আল গালিব, মো. হারুন চৌধুরী।