স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
২০১৩ সালের ১৮ জুন রাতে পারিবারিক কলহের জেরে নাজমাকে ছুরি মেরে হত্যা করেন সাইফুল।
পারিবারিক কলহের জেরে ১১ বছর আগে স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মাদ সরওয়ার আলম বৃহস্পতিবার এ রায় দেন।
দণ্ডিত সাইফুল ইসলামের (৩৮) বাড়ি মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে।
জেলা আদালতের অতিরিক্ত পিপি ভূপাল চন্দ্র চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রায়ে আসামি সাইফুলকে যাবজ্জীবন সাজার পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
"রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।"
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাইফুলের চাচা হুমায়ুন কবিরকে বেকসুর খালাস দিয়েছেন বলে জানান আইনজীবী ভূপাল চন্দ্র চৌধুরী।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৯ সালে সাইফুলের সাথে নাজমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল নাজমাকে শারীরিক নির্যাতন করতেন।
সেজন্য নাজমা প্রায়ই তার বাবার বাড়ি গিয়ে থাকতেন। ২০১৩ সালের ১৮ জুন রাতে পারিবারিক কলহের জেরে নাজমাকে ছুরি মেরে হত্যা করেন সাইফুল।
সুরতাহাল প্রতিবেদনে নাজমার বুকের ডান পাশে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়ার কথা বলা হয়। এ ঘটনায় নাজমার বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সাইফুল ও তার বাবা-মাসহ ছয়জনকে আসামি করে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
২০১৪ সালের ১৩ আগস্ট সাইফুল ও তার চাচা হুমায়ুন কবিরকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।
২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের পর মামলায় ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত সাইফুলকে দোষী সাব্যস্ত করে রায় দিল।
