ছিনতাইয়ের পর প্রতিবাদে সোচ্চার ‘ছিনতাই চক্রের হোতা’
গ্রেপ্তার একরামুলকে ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী বলছে পুলিশ; যিনি নিজেক বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নেতা হিসেবে পরিচয় দেন।
চট্টগ্রামে এক দিন আগে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করার পর ছিনতাই হওয়া ৭ লাখ ১০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।
গ্রেপ্তার চারজন হলেন- মো. একরামুল আলম (৩৭), সাহেদ হোসেন মনা (২৪), মো. ইয়াছিন ওরফে এরফান (২৪) ও রবিউল হোসেন ওরফে ইকবাল হোসেন (২৩)। তাদের মধ্যে একরামুল এ চক্রের ‘মূল পরিকল্পনাকারী’ বলে পুলিশের ভাষ্য।
একরামুল নিজেকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের রিয়াজউদ্দিন বাজার শাখার সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। ছিনতাইয়ের ঘটনা জানাজানি হলে ফেইসবুকে তিনি ‘ছিনতাইয়ের বিরুদ্ধে’ প্রতিবাদেও শামিল হয়েছিলেন।
মঙ্গলবার চট্টগ্রাম নগর পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ছিনতাইয়ের পর আশপাশের সিসি ক্যামেরার ভিডিও দেখে প্রথমে মনাকে শনাক্ত করা হয়। পরে গ্রেপ্তার করা হয় বাকিদের।
রিয়াজউদ্দিন বাজারের নূর এন্টারপ্রাইজ নামে একটি মোবাইল সেট ডিলার প্রতিষ্ঠানের দুই কর্মী রোববার দুপুরে ৯ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। সেসময় সাত-আটজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়।
উপকমিশনার বলেন, মনার বিরুদ্ধে আগেও বিভিন্ন সময়ে ছিনতাই-চাঁদাবাজির অভিযোগ ছিল। তাকে শনাক্ত করার পর সোমবার নগরীর বায়েজিদ থানার রৌফাবাদ এলাকা থেকে ৪০ হাজার টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারের পর সে জানায়, ছিনতাইয়ের বাকি টাকা একরামুলের কাছে আছে এবং তার পরিকল্পনায় তারা এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। পরে বিকালেই সদরঘাট থানার মাদারবাড়ি এলাকা থেকে একরামুলকে গ্রেপ্তার করে পুলিশ।”
পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ জানান, একরামুলকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে রিয়াজউদ্দিন বাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি দুজনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ভোরে কর্ণফুলী থানার সৈন্যারটেক এলাকা থেকে।
উদ্ধার অভিযানে থাকা কোতোয়ালি থানা পুলিশের এক কর্মকর্তা জানান, ছিনতাই করা টাকাগুলোর মধ্যে মনা তার ভাগের ৪০ হাজার টাকা নিয়েছিল। আরেকজন নিয়েছিল ২ লাখ ৭০ হাজার টাকা। বাকি টাকা একরামুলের কাছে ছিল। পরে সেগুলো ভাগাভাগি করার কথা ছিল।
চক্রটি ‘মারামারির নাটক’ সাজিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটায় জানিয়ে পুলিশ কর্মকর্তা মোস্তাফিজ বলেন, “টাকার ব্যাগ নিয়ে ওই ডিলার প্রতিষ্ঠানের দুই কর্মী রাস্তা পারাপারের জন্য দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই চক্রের সদস্যরা অতর্কিতে মারধর শুরু করে। এর মধ্যে একজনের কাঁধে থাকা টাকার ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।”
এই উপ পুলিশ কমিশনার বলেন, “এভাবে দিনে দুপুরে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা সচরাচর নগরীতে হয় না। তারা নিজেদের মারামারির নাটক সাজানোর কারণে কেউ এগিয়েও আসেনি।”
‘ব্যবসায়ী থেকে ছিনতাইকারী’ একরামুল
পুলিশ জানায়, একসময় রিয়াজউদ্দিন বাজারে ব্যাগের দোকান ছিল একরামুলের। সে কারণে বাজারে তার যাতায়াত আছে এবং ব্যবসায়ীদের সঙ্গেও তার পরিচয় আছে। ফলে কারা নিয়মিত টাকা লেনদেন করে, সেসব তথ্যও জানা ছিল একরামুলের।
ছিনতাইয়ের ঘটনার সময় একরামুল ঘটনাস্থলের পাশেই ছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
মোস্তাফিজ বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে একরামুল টাকা ছিনতাইয়ের কথা মনাকে বলেছিল। সে হিসেবে মনার নেতৃত্বে টাকাগুলো ছিনতাই করা হয়। কিন্তু টাকা ব্যাংকে নিয়ে যাওয়ার সঠিক তথ্য একরামুলকে কে বা কারা জানিয়েছিল সে বিষয়টি আমরা অনুসন্ধান করছি।”
ছিনতাইয়ের ঘটনার পর রিয়াজউদ্দিন বাজারের অনেক ব্যবসায়ী বিষয়টি নিয়ে ফেইসবুকে সোচ্চার হন। তাদের অনেকের পোস্ট শেয়ার করে একরামুলও ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানান। তার ফেইসবুকে ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন নেতার সঙ্গে ছবিও দেখা গেছে।
