২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুইজনকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

মালিকের দাবি, “সাত-আটজন মিলে দুই কর্মীকে বেধড়ক পিটিয়ে ব্যাগ ভর্তি ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।”

চট্টগ্রামে দুইজনকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম কোতোয়ালি থানা ভবন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2023, 06:51 PM

Updated : 11 Jul 2023, 07:13 PM

চট্টগ্রামে এক মোবাইল ফোন সেট ডিলারের দুই কর্মীকে পিটিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বন্দর নগরীর কোতোয়ালি থানার আমতল এলাকায় রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্ত্তী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রিয়াজউদ্দিন বাজারের নূর এন্টারপ্রাইজের টাকা দুই কর্মচারী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। সেসময় সাত-আটজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে যায়।

“মালিকের দাবি, ব্যাগে ৯ লাখ ৮০ হাজার টাকা ছিল। বিষয়টি নিয়ে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।”

নূর এন্টারপ্রাইজের মালিক ইয়াছিন কবির বলেন, বিভিন্ন দোকানে তারা মোবাইল ফোন সরবরাহ করেন। রোববার তার দুই কর্মী কাছেই বেসরকারি একটি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

“মার্কেট থেকে বের হয়ে মূল সড়কে ওঠার সঙ্গে সঙ্গে টাকার ব্যাগ রাখা কর্মীকে পেছন থেকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হয়। সাত-আটজন মিলে দুইজনকে বেধড়ক পিটিয়ে ব্যাগ ভর্তি ৯ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।”