লোহাগাড়ার দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিন জন এক পরিবারের
তিন দিনের মধ্যে একই স্থানে দুই দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হলো।
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক বাস ও মাইক্রোবাসের মধ্যে দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৪ জনের নাম জানতে পেরেছে পুলিশ।
তারা হলেন- দিলীপ বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৩৭), আশীষ মণ্ডল (৫০) ও দুর্জয় মণ্ডল (১৮)।
এদের মধ্যে দিলীপ বিশ্বাস ও সাধনা বিশ্বাস স্বামী স্ত্রী । আর আশীষ মণ্ডল নিহত সাধনা বিশ্বাসের ভাই। দিলীপ ও সাধনা দম্পতির মেয়ে ৭ বছর বয়সী আরাধ্য বিশ্বাস ও আরেক তরুণী আহত হয়ে চট্টগ্রামে মেডিকেলে চিকিৎসাধীন আছে।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুল মতিন এই এদের নাম নিশ্চিত করেছেন।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিহতদের মধ্যে কয়েকজন ঝিনাইদহ ও কুষ্টিয়ার বাসিন্দা বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।”
বুধবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হন।
বুধবার সকাল সোয়া সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।
এরআগে ঈদের দিন সকালে জাঙ্গালিয়া এলাকায় এক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়। পর দিন মঙ্গলবার কাছাকাছি এলাকায় দুটি মাইক্রোবাস সড়ক থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। ওই ঘটনায় ১২ জন আহত হয়।
বুধবার সকালের দুর্ঘটনার বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
পরে বেলা পৌনে ১২টার দিকে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পদুয়া হাসপাতালে (লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স) একজন পুরুষ মারা গেছেন।
