১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

শামসুল আলম বাবুকে স্মরণ করল টিসিজেএ

“তার মত একজন পেশাদার ও সহমর্মী চিত্রসাংবাদিককে হারিয়ে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”

শামসুল আলম বাবুকে স্মরণ করল টিসিজেএ

টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত মো. শামসুল আলম বাবুর স্মরণে আয়োজিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Oct 2026, 09:37 PM

Updated : 14 Oct 2026, 09:37 PM

টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ও আলোকচিত্রসাংবাদিক প্রয়াত মো. শামসুল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় টিসিজেএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “ক্যামেরার পেছনে থেকে সবসময় সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ কাজ করে গেছেন চিত্রসাংবাদিক শামসুল আলম বাবু।

“তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণের একজন মানুষ। নিজের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, স্বার্থ ও অধিকার আদায়েও তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।”

মেয়র বলেন, “পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি। তার মত একজন পেশাদার ও সহমর্মী চিত্রসাংবাদিককে হারিয়ে চট্টগ্রামের গণমাধ্যম অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।”

টিসিজেএ সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চ্যানেল আই চট্টগ্রাম অফিসের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, নগরীর জামাল খান ওয়ার্ড বিএনপির সদস্যসচিব দিদারুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর চট্টগ্রাম অফিসের সিনিয়র রিপোর্টার নয়ন বড়ুয়া জয়।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন টিসিজেএ এর সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, আলী আকবর, মোহাম্মদ আলমগীর, সুমন গোস্বামী, মোহাম্মদ মনসুর, হারুন উর রশিদ এবং নবাব মিয়া।

শেষে প্রয়াত শামসুল আলম বাবুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ আহম্মদ উল্লাহ।

মোনাজাতে প্রয়াতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের শোক সইবার শক্তি কামনা করা হয়।

২৪ সেপ্টেম্বর রাতে বন্দরনগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বাবু।