১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ

বৃহস্পতিবার সকাল নাগাদ জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়বে। এরপরই চাল খালাস শুরু হবে।

ভারত থেকে চাল নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে জাহাজ
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 11:12 AM

ভারত থেকে আমদানি করা চাল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে। 

ভারতের বন্দর থেকে ২৪ হাজার ৬৯০ টন সিদ্ধ চাল নিয়ে ‘এমভি টানিস ড্রিম’ নামের জাহাজটি বুধবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছায়। 

৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ৪ লাখ ৯৩ হাজার ৮০০ বস্তায় ২৪ হাজার ৬৯০ টন চট্টগ্রামে আসল। 

এর আগে খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে চাল নিয়ে টানিস ড্রিম জাহাজের বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা জানিয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাল কেনার জন্য গত মাসে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করে খাদ্য অধিদপ্তর। সেখানে অংশ নিয়ে ভারতীয় একটি কোম্পানি ৫০ হাজার টন চাল সরবরাহের কাজ পায়।

খাদ্য অধিদপ্তর চট্টগ্রামের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাল নিয়ে ভারতের কাকিনাড়া বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের আউটারে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল নাগাদ এটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়বে।”

ওইদিন থেকে চাল খালাস শুরু হবে উল্লেখ করে তিনি বলেন, “ভারত থেকে আমদানির চালের দ্বিতীয় চালানটি জানুয়ারির প্রথম সপ্তাহে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।”

আমদানি করা চাল দ্রুত খালাসের উদ্যোগ নেয়া হয়েছে বলে চট্টগ্রাম বন্দর থেকে জানা গেছে।

৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তবর্তী সরকারের আমলে প্রথমবারের মতো ভারত থেকে চালের এই চালানটি এসেছে। 

সরকারের কেনা ভারতীয় চালের প্রথম চালান আসছে বৃহস্পতিবার