বিএনপিসহ কিছু গোষ্ঠী চোখে ভালো কিছু দেখে না: পররাষ্ট্রমন্ত্রী
“সবকিছুতে ভুল ধরা উনাদের অভ্যাস। সেজন্য তারা বলেন, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়,” বলেন পররাষ্ট্রমন্ত্রী।
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপির ‘ভাবনা’ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তারাসহ কিছু গোষ্ঠী আছে, যারা ‘চোখে ভালো কিছু দেখে না’।
তিনি বলেছেন, “প্রতিবার বাজেট পেশ করার পর আপনারা দেখবেন বিএনপির পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলন করা হয়। বলা হয়, এই বাজেট গণবিরোধী, গরীব মারার বাজেট, এই বাজেটে কোনো উপকার হবে না।
“আবার যারা নিজেদের জ্ঞানী বলে মনে করেন, তারা কোনো কিছুতে ভুল না ধরলে উনি যে জ্ঞানী এটা তো বুঝানো যায় না। সেজন্য সবকিছুতে ভুল ধরা উনাদের অভ্যাস। সেজন্য তারা বলেন যে, এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়।”
বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, “আজকে সংসদে প্রায় ৮ লক্ষ হাজার কোটি টাকার বাজেট পেশ হয়েছে। গত ১৫ বছরে প্রতিটা বাজেট বাস্তবায়নের হার হচ্ছে ৯২ থেকে ৯৭ শতাংশ। বাজেটের আকার গত ১৫ বছরে সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় সাড়ে পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে। জিডিপির আকার প্রায় ছয় গুণ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে দরিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠী ছিল ৪১ শতাংশ। সেখান থেকে ১৮ দশকি ৭ শতাংশে নেমেছে। অতি দরিদ্রতা ২২ শতাংশ ছিল, সেখান থেকে সাড়ে ৫ শতাংশে নেমেছে।
“বাজেট যদি গরীবের উপকারে না আসত, তাহলে দরিদ্রতা ও অতি দরিদ্রতা কমত না। মানুষের আয় সাড়ে ৫ গুণ বৃদ্ধি পেয়েছে ডলারের অংকে, টাকার অংকে আরও বেশি। এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বাধীন সরকারের বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং সেই বাজেট বাস্তবায়নের কারণে।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিন বলেন, “এটি সাধারণ মানুষের জন্য নয়। এই বাজেট লুটেরাদের জন্য।”
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সবকিছুতে 'না' বলার যে ‘অপসংস্কৃতি’, এটি দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বাঁধা। সাংবাদিকরা সরকারের ভুলত্রুটি তুলে ধরবেন, সেটিকে আমরা স্বাগত জানাই। কাজকে পরিশুদ্ধভাবে করার ক্ষেত্রে সেটি সহায়ক হয়। অনেক সময় দেখা যায়, কিছু কিছু প্রতিবেদন এমনভাবে হয় সেগুলো দেশের জন্য ক্ষতিকারক।”
ক্ষমতাসীন সরকারের আগের মেয়াদে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পালন করা হাছান মাহমুদ বলেন, “সাংবাদিকরা সমাজের অগ্রসর অংশ, সমাজকে পথ দেখায়, সমাজের অনুন্মোচিত বিষয়গুলো উন্মোচিত করে। সমাজ, রাষ্ট্র সমাজপতি যেদিকে তাকায় না, সেদিকে তাদের দৃষ্টি আবদ্ধ করে।
“এমন অনেকগুলো বিষয় আছে যেগুলো রাষ্ট্র দেখে না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে যারা যুক্ত, তারাও দেখে না। কিংবা সমাজ যারা চালায়, তারাও দেখে না, দেখার প্রয়োজনও মনে করে না। এমন অনেক বিষয় সাংবাদিকরা উন্মোচিত করে। যেটি দেশ চালাতে সমাজ ও রাষ্ট্রকে সঠিকখাতে প্রবাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখে।”
চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায় প্রমুখ, সিডিএ’র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মো. রেজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
