১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী আন্দোলন: ৬ মাস পর নওফেল, রেজাউলের বিরুদ্ধে মামলা

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার বলেন, বাদী আদালতে মামলার আবেদন করেছিল। আদালতের আদেশে শুক্রবার মামলাটি গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 05:22 PM

Updated : 26 Aug 2026, 11:50 AM

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রামের সাবেক মেয়র রেজাউল করিমসহ ১২৭ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। 

মো. ইলিয়াছ নামের এক ব্যক্তি বাকলিয়া থানায় শুক্রবার মামলাটি দায়ের করেন। তবে তা জানা গেছে রোববার। 

বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাদী আদালতে মামলার আবেদন করেছিল। আদালতের আদেশে শুক্রবার মামলাটি গ্রহণ করা হয়েছে।” 

মামলায় ১২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান ওসি। 

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি ইলিয়াছ চট্টগ্রাম মহানগর আদালতে মামলাটির আবেদন করেন। ৬ ফেব্রুয়ারি আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের জন্য থানাকে আদেশ দেয়। 

মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরীকে। তারপরে আসামি করা হয়েছে ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আলম মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হারুণর রশিদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহীন আকতার রোজীকে। 

৬ নম্বর আসামি করা হয়েছে সাবেক সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী, ৭ নম্বরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ৮ নম্বরে নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে। 

মামলায় বাদী অভিযোগ করেন, গেল বছরের ৪ অগাস্ট বিকালে সরকার পতনের আন্দোলনের সময় বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন পেট্রোল পাম্পের কাছে আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক ও শ্রমিক লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করে এবং গুলি ও বোমার বিষ্ফোরণ ঘটায়।

হামলাকারীরা তাকে ধারলো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করলে তিনি তা প্রতিহত করেন এবং এতে তার ডান হাতের কবজির রগ কেটে যায় এবং অন্যরা তাকে মারধর করে। হামলাকারীদের ভয়ে তিনি সেদিন হাসপাতালে চিকিৎসা নিতে না পেরে স্থানীয়ভাবে চিকিৎসা নেন। 

পরে ৬ অগাস্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং ৮ অগাস্ট পর্যন্ত সেখানে ছিলেন।