২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতালের আগের রাতে বাসে আগুন

পুলিশ বলছে, পুড়িয়ে দেওয়া বাসটির ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

চট্টগ্রামে হরতালের আগের রাতে বাসে আগুন

ঢাকার আশুলিয়ায় যাত্রীবাহী বাসে আগুন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 01:25 PM

Updated : 19 Dec 2023, 05:06 PM

এক দফা দাবিতে বিএনপির ডাকা হরতালের আগের রাতে চট্টগ্রামে একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

চন্দনাইশের কাঞ্চননগর বাদামতল এলাকায় সোমবার রাতে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসটি পুড়িয়ে দেওয়া হয় বলে চন্দনাইশ থানার ওসি ওবায়দুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাত আড়াইটার দিকে খবর আসে বাসে আগুন দেওয়া হয়েছে। এরপর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও।“

বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, কারা আগুন দিয়েছে সেটি খতিয়ে দেখছে পুলিশ।

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে বিএনপি এবার চতুর্থ দফা হরতাল করছে। গত ২৯ অক্টোবর থেকে এ পর্যন্ত বিএনপিসহ সমমনা জোট ও দলগুলো তিন দফায় চার দিন হরতাল এবং এগারো দফায় ২৩ দিন অবরোধ কর্মসূচি করেছে।

দফায় অবরোধ-হরতালে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বিএনপিকেই দায়ী করে আসছে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতারা।