২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার বাইরে থাকায় তাদের আর সহ্য হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

“এই কদিন দেখবেন টেলিভিশনের পর্দা গরম হয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বলতে শুরু করেছে এ বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না,” বলেন হাছান মাহমুদ।

ক্ষমতার বাইরে থাকায় তাদের আর সহ্য হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2024, 07:24 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি বিএনপিসহ অন্যদের ‘সহ্য হচ্ছে না’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেছেন, “ক্ষমতার হালুয়া রুটির ভাগ-বাটোয়ারার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ যারা বিএনপি দল গঠন করেছিলেন, ওয়ান ইলেভেন পরবর্তী দুই বছর এবং একাধারে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের চার মেয়াদসহ ২২ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা তাদের পক্ষে এখন আর সহ্য হচ্ছে না। 

“এমনকি তারা সরকারের কোনো উন্নয়ন অগ্রগতিও সহ্য করতে পারছে না। সেই কারণে তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত।”

ঐতিহাসিক ৬ দফা স্মরণে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শুক্রবার এক আলোচনা সভায় কথা বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় সংকট তৈরি করা হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, “২০২৪ সালেও সংকট তৈরির অপচেষ্টা ছিল। কিন্তু সমস্ত সংকট ষড়যন্ত্রকে মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দৃঢ়তার কারণে আওয়ামী লীগ আজকে পরপর চারবার রাষ্ট্র ক্ষমতায়।

“বিরোধী রাজনৈতিক শক্তি শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। সেই কারণে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের চোখ-কান সবসময় খোলা রাখতে হবে।”

২০২৪-২৫ অর্থবছরের জন্য বৃহস্পতিবার সংসদে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের আলোচনা সভায় সেই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “গত ১৫ বছরে বাজেটের অংক সাড়ে ১১ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের ‘টার্নওভার’ বৃদ্ধি পাওয়া মানে সেই ব্যবসা প্রতিষ্ঠান ভালো চলছে।

“দেশের বাজেটের আকার যখন বৃদ্ধি পায়, তখন বুঝতে হবে দেশ উন্নতি ও সমৃদ্ধির দিকে যাচ্ছে। বিএনপি-জামায়াত বাজেট ঘোষণার আগেই বিবৃতি রেডি করে রাখে। গত ১৫ বছরের তাদের বিবৃতি ও বক্তব্য যদি দেখেন, তাহলে হুবহু মিল খুঁজে পাবেন।”

বাজেট নিয়ে বুদ্ধিজীবী ও বিশেষজ্ঞদের অভিমতের বিষয়ে হাছান মাহমুদ বলেন, “একটা হচ্ছে সত্যিকারের বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ, আরেকটা হচ্ছে সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ। কেউ পড়েছেন আইন, তিনি অর্থনীতি কিংবা পরিবেশ বিশেষজ্ঞ; কেউ পড়েছেন অর্থনীতি, উনি আবার তেল গ্যাসের বিশেষজ্ঞ।

“এই কদিন দেখবেন এই বিশেষজ্ঞদের বক্তব্যে টেলিভিশনের পর্দা গরম হয়ে যাচ্ছে। তারা এবং বিএনপি-জামায়াত বলতে শুরু করেছে এই বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না।”

বাজেট নিয়ে বিএনপি-জামায়াতের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বাজেট জনগণের কল্যাণে যদি না আসে, তাহলে গত ১৫ বছরে দরিদ্রতা ৪০ শতাংশ থেকে নেমে ১৮ দশমিক ৭ শতাংশে কেমনে আসল? আর অতি দরিদ্রতা ২২ শতাংশ ছিল, সেখান থেকে ৫ দশমিক ৭ শতাংশে কীভাবে নেমে এসেছে?

“এটি সম্ভবপর হয়েছে বাজেট বাস্তবায়নের কারণেই। এরা আসলে চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির। ওদের চোখ এবং কান যেন মহান আল্লাহ ঠিক করে দেন সেই প্রার্থনা করি।”

ছয় দফার প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, “পূর্ব বাংলার মানুষের মাঝে স্বাধীনতার পক্ষে মনন তৈরি করার জন্যই বঙ্গবন্ধু ছয় দফা ঘোষণা করেছিলেন। ছয় দফার পক্ষে মানুষ ব্যাপক সাড়া দেন। বঙ্গবন্ধু ছয় দফা নিয়ে সারা দেশ ঘুরে বেড়ান, যেখানেই বক্তব্য দেন সেখান থেকে গ্রেপ্তার করা হত। 

“৬৯ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। মুক্তি পাবার পর আইয়ুব খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার প্রস্তাব দেন বঙ্গবন্ধুকে। বঙ্গবন্ধু প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।”

হাছান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু যদি আপস করতেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারতেন। বঙ্গবন্ধুর লক্ষ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া নয়, বাংলাদেশের মানুষের মুক্তি। সেই কারণে প্রধানমন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে তিনি স্বাধীনতার লক্ষ্যেই এগিয়ে যান।”

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ-সভাপতি ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সফর আলী, চট্টগ্রাম নগরের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সভায় উপস্থিত ছিলেন।