১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

চেক প্রতারণার মামলায় হাবিব গ্রুপের দুই কর্মকর্তার জেল-জরিমানা

বিচারক প্রত্যেককে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যাখ্যাত হওয়া চেকের সমপরিমাণ ২০ কোটি টাকা জরিমানাও করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

চেক প্রতারণার মামলায় একটি ব্যবসায়িক গ্রুপের দুই শীর্ষ কর্মকর্তাকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।  

সোমবার চট্টগ্রাম চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবু আমর এ রায় দেন। 

বিচারক প্রত্যেককে সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যাখ্যাত হওয়া চেকের সমপরিমাণ ২০ কোটি টাকা জরিমানাও করেছেন। 

সাজাপ্রাপ্ত দুই আসামি হলেন- হাবিব গ্রুপের অধীন হাবিব স্টিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী (৭১) ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইয়াসিন আলী (৬১)। দুইজনই পলাতক। 

মামলার বাদীপক্ষের আইনজীবী নুসরাত আরা হীরা বলেন, মার্কেন্টাইল ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে নেওয়া ঋণের বিপরীতে হাবিব স্টিলস কর্তৃপক্ষ ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর ২০ কোটি টাকার চেক দেয়। কিন্তু পরদিন চেক ব্যাংকে জমা দেয়া হলে অপর্যাপ্ত তহবিলের কারণে তা প্রত্যাখ্যাত হয়। 

তিনি বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের লিগ্যাল নোটিস পাঠানো হয়। 

এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলা করা হলে সমন জারি হয়। 

গত বছরের ৩১ অক্টোবর এ ঘটনায় আদালতে দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক সোমবার রায় দেন।