২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কটূক্তির প্রতিবাদ করায় খুন: হবিগঞ্জে ধরা পড়ার পর চট্টগ্রামে জবানবন্দি হৃদয়ের

বোনের বাসায় আত্মেগোপনে ছিলেন তিনি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 06:36 PM

Updated : 30 Dec 2023, 07:05 PM

বন্ধুর স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করা নিয়ে চট্টগ্রামে খুনের ঘটনায় প্রধান আসামিকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হবিগঞ্জ সদর উপজেলার কাটিয়াদি বাজার থেকে শুক্রবার বিকালে হৃদয় মিয়া ওরফে বাবু (২২) নামে এ যুবককে গ্রেপ্তার করা হয়।

শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর হাকিম শরিফুল ইসলামের আদালতে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানান বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার।

পুরনো খবর:

বন্ধুর স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় ছুরি মেরে খুন

গত ৬ ডিসেম্বর রাতে আমিন টেক্সটাইল সংলগ্ন আতুরার ডিপো বাজারের কাছে রেল লাইনের পাশে কথাকাটাকাটির জেরে ছুরিকাঘাতে খুন হয় মো. সাগর (২৫) নামে এক যুবক। আহত হয় আরও একজন।

হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, নিহত সাগরের এক বন্ধুর স্ত্রীকে কটূক্তি করেছিল হৃদয়। ঘটনার রাতে এ নিয়ে হৃদয়কে জিজ্ঞাসাবাদ করে সাগর। তখন দুজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। একপর্যায়ে হৃদয় তার সাথে থাকা ছুরি দিয়ে সাগরের পাঁজরে আঘাত করে। এসময় আরও এক জন আহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যাকাণ্ডের পরপর হদয় চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যায়। তাকে ধরতে ফেনীসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। শুক্রবার হবিগঞ্জ সদর উপজেলার কাটিয়াদি বাজারে বোনের বাসায় আত্মগোপনে থাকা হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ।

সাগরের জবানবন্দি

হৃদয়ের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মাস খানেক আগে ধূমপান করা নিয়ে নিহত সাগরের সাথে কথা কাটাকাটি হয় হৃদয়ের। এরপর সাগরের এক বন্ধুর স্ত্রীকে কটুক্তি করা নিয়ে আগের বিরোধ প্রকট হয়।

এ বিরোধের কারণে হৃদয় একটি ছুরি কিনে সবসময় তার সাথে রাখতেন। ৬ ডিসেম্বর হত্যাকাণ্ডের দিন হৃদয়কে পেয়ে সাগর ও তার বন্ধুরা জিজ্ঞাসাবাদ করলে বাকবিতণ্ডা ও পরে হামলার ঘটনা ঘটে।