২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুর স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় ছুরি মেরে খুন

এ ঘটনায় নিহত সাগরের বাবা বাদী হয়ে মামলা করেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2023, 03:44 PM

Updated : 07 Dec 2023, 03:44 PM

চট্টগ্রামে বন্ধুর স্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় কথাকাটাকাটিতে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরেকজন।

বুধবার রাতে বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন টেক্সটাইল সংলগ্ন আতুরার ডিপো বাজারের কাছে রেল লাইনের পাশে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত যুবকের নাম মো. সাগর, বয়স ২৫ বছর। তিনি পাঁচলাইশ জাঙ্গালপাড়ার আশরাফ উদ্দিনের ছেলে। তার বন্ধু, আহত আজাদকে (২৩) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বায়েজিদ বোস্তামী থানার ওসি ফেরদৌস জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরের বন্ধু আলমের স্ত্রীকে কটূক্তি করেছিল হৃদয় মিয়া ওরফে বাবু নামে ২১ বছর বয়সী এক যুবক। আলম বিষয়টি তার বন্ধু সাগরসহ অন্যদের জানায়।

“বুধবার আতুরার ডিপো বাজারের কাছে রেল লাইনের সামনে হৃদয়কে দেখে সাগরসহ তার বন্ধুরা মিলে কটূক্তির কারণ জানতে চায়। এসময় তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। এক পর্যায়ে হৃদয় ছুরি দিয়ে সাগরের পাঁজরে আঘাত করে। অন্যরা তাকে থামাতে গেলে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আজাদও পেটে আহত হয়।”

ওসি ফেরদৌস জানান, ওই ঘটনা দেখে স্থানীয়রা এগিয়ে গেলে হৃদয় পালিয়ে যান। আহত সাগর ও আজাদকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সাগরের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে বায়েজিদ থানায় মামলা করেছেন বলে জানান ওসি।