১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোজার মাসের বাজার: ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা

“রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে।”

রোজার মাসের বাজার: ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2024, 09:25 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

রোজার মাসে নিত্যপণ্যের বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 

তিনি বলেছেন, “রমজান মাস খুব দূরে নয়। ঠিক ১০০ দিন বাকি। রমজানে নিত্যপণ্যের সরবারাহ বাড়াতে সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। বেশ কয়েকটি পণ্যের শুল্কও কমিয়েছে। এখন সহযোগিতার হাত বাড়াতে হবে ব্যবসায়ীদের।”

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বৃহত্তম ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির সরবারহ ও বাজার পরিস্থিতি নিয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ওই সভা হয়। 

উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “রাষ্ট্র সংস্কারের জন্য ব্যবসায়ীদের ভূমিকা এখন গুরুত্বপূর্ণ। সরকার তাদের জন্য বাণিজ্য সহায়ক পরিবেশ নিশ্চিত করবে। 

“জুলাই-অগাস্টে ছাত্রজনতার আন্দোলনে প্রায় দুই হাজারের মত ছাত্রজনতা জীবন দিয়েছে। ৫০ হাজারের বেশি আহত হয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। রাষ্ট্র সংস্কারের জন্যই তারা জীবনকে তুচ্ছ করেছে। ছাত্রজনতার প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে।”

ব্যবসায়ী নেতারা সভায় খাতুনগঞ্জে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, ওজন পরিমাপক স্কেল স্থাপন ও সহজ শর্তে ব্যাংক লোনের দাবি জানান। 

বাণিজ্য উপদেষ্টা সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশর চৌধুরীর সভাপতিত্বে সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগির আহমেদসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায়।