২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে’

উসমান খাওয়াজার মতে, এখন টেস্ট ও টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটের অবস্থান।

‘ওয়ানডে ক্রিকেট মরে যাচ্ছে’

উসমান খাওয়াজা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2022, 05:37 PM

Updated : 22 Jul 2022, 05:37 PM

টি-টোয়েন্টির জাঁকজমক সব টুর্নামেন্টের আড়ালে নাকি হারিয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট। ক্রিকেট বিশ্বের নতুন আলোচিত এই বিষয়ে উসমান খাওয়াজা বললেন, এখন সবার আগ্রহের তালিকায় তলানিতে ৫০ ওভারের ক্রিকেট।

অস্ট্রেলিয়ান টপ অর্ডার ব্যাটসম্যানের মতে, ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে ওয়ানডে ক্রিকেট।

ক্রিকেটের সংস্করণগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে মূলত বেন স্টোকসের হুট করে ওয়ানডে ক্রিকেট ছাড়ার কারণে। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে নিজের সবশেষ ম্যাচটি খেলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার।

আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে আর পেরে উঠছিলেন না স্টোকস। শারীরিক ও মানসিক চাপ কমাতে তাই বেছে নেন ওয়ানডে থেকে অবসরের পথ। এই সংস্করণেই ৩১ বছর বয়সী ক্রিকেটার পান সবচেয়ে বড় সাফল্য; ইংল্যান্ডের ২০১৯ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি।

পাকিস্তানের পেস বোলিং কিংবদন্তি ওয়াসিম আকরাম সম্প্রতি আন্তর্জাতিক সূচি থেকে ওয়ানডে ক্রিকেটকে বাদ দেওয়ার কথা বলেন। ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্যের কাছে এই সংস্করণ এখন হয়ে উঠেছে একঘেয়ে, ক্লান্তিকর। খাওয়াজাও বললেন প্রায় একই কথা।

২০১৩ সালে ওয়ানডে অভিষেকের পর এখন পর্যন্ত এই সংস্করণে ৪০ ম্যাচ খেলেছেন খাওয়াজা। পারফরম্যান্সও খারাপ নয়। দুই সেঞ্চুরি ও ১২ ফিফটিতে নামের পাশে রান ১ হাজার ৫৫৪, ব্যাটিং গড় ৪২। কিন্তু নিজের সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি দুই বছর আগে, ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ক্রিকইনফোকে শুক্রবার খাওয়াজা বলেন, ওয়ানডে খেলার প্রতি তিনিও এখন আর খুব বেশি আগ্রহ পান না।

“এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জানি, আমার মতো অনেকেই এটা ভাবছেন। টেস্ট ক্রিকেট আছে, যেটা সবকিছুর উপরে। টি–টোয়েন্টি ক্রিকেট আছে, পুরো বিশ্বে যার অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ আছে, দারুণ উপভোগ্য, সবাই যে সংস্করণকে পছন্দ করে। এরপর ওয়ানডে ক্রিকেট।”

“সব সংস্করণের মধ্যে আমার মনে হয় ওয়ানডে তৃতীয় অবস্থানে। ব্যক্তিগতভাবে মনে করি, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে… এখনও অবশ্য বিশ্বকাপ আছে, যেটা ভীষণ আনন্দের এবং দেখতেও ভালো লাগে। এর বাইরে এমনকি আমি নিজেও সম্ভবত ওয়ানডে ক্রিকেট নিয়ে খুব বেশি আগ্রহী নই।”