সাকিবের ঝড় ছাপিয়ে বিশাল রান তাড়ায় সিলেটের জয়
রান বন্যার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে ফরচুন বরিশাল।
পয়েন্টে সাকিব আল হাসানের ক্যাচ ছাড়লেন আকবর আলি। পরের বলে ছক্কা হজম করে রাগে সোয়েটার মাটিতে ছুড়ে মারলেন মোহাম্মদ আমির। পরের ইনিংসে থার্ড ম্যানে করিম জানাতের হাত গলে বল চলে গেল সীমানায়। মুখে হাত দিয়ে পিচের ওপর বসে রইলেন কামরুল ইসলাম রাব্বি। দুই ইনিংসের এই দুই ঘটনা পুরো ম্যাচেরই গল্প বলে দেয়। একের পর এক ক্যাচ মিস ও ফিল্ডিংয়ে ব্যর্থতার ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ পর্যন্ত জয়ের হাসি সিলেট স্ট্রাইকার্সের।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৬ উইকেটে জিতেছে সিলেট। বরিশালের ১৯৪ রান পেরিয়ে গেছে ৬ বল বাকি থাকতে।
এলোমেলো ফিল্ডিংয়ের ম্যাচে দুই দল মিলে করেছে ৩৯০ রান।
বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডে তিন নম্বরে আছে সিলেটের এই জয়। ২০২০ সালের আসরে ঢাকা প্লাটুনের করা ২০৫ রান তাড়া করে জিতেছিল খুলনা টাইগার্স। ২০১৩ সালের আসরে রংপুর রাইডার্সের ১৯৭ রান টপকে গিয়েছিল সিলেট রয়্যালস।
টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট।
সাকিবের ঝড়ো ফিফটিতে বড় পুঁজিই পেয়েছিল বরিশাল। স্রেফ ২৬ বলে ফিফটি ছুঁয়ে ৩২ বলে ৬৭ রান করেন তারকা অলরাউন্ডার। পাশাপাশি মাঝারি দুটি ইনিংস খেলেন চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল হক।
প্রায় দুইশ ছুঁইছুঁই লক্ষ্যে বিচলিত না হয়ে পাল্টা আক্রমণের পথ বেছে নেয় সিলেট। দুই তরুণ তৌহিদ হৃদয় ও জাকির হাসানের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে জয়ের বাকি কাজ সারেন দুই অভিজ্ঞ মুশফিকুর রহিম ও থিসারা পেরেরা।
বিপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৩৪ বলে ৫৫ রান করেন হৃদয়। স্রেফ ১৮ বলে ৪৩ রানের তাণ্ডব চালান জাকির। মুশফিক ১১ বলে ২৩ ও থিসারা ৯ বলে রানের অপরাজিত ইনিংসে দল জিতিয়ে মাঠ ছাড়েন।
টস জিতে ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল ও চতুরাঙ্গা। মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভারে পরপর দুই বলে চার ও ছক্কা মারেন এনামুল। ১৫ রানের ওভারে ইনিংস শুরু করে বরিশাল। মোহাম্মদ আমিরের করা পরের ওভারে নিজের প্রথম বাউন্ডারি খুঁজে নেন চতুরাঙ্গা।
পাওয়ার প্লের পুরোটা দাপুটে ব্যাটিং করেন এই দুজন। কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান করে বরিশাল। সপ্তম ওভারে দ্বিতীয়বার বল হাতে নিয়ে এই জুটি ভাঙেন মাশরাফি। স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে হাওয়ায় ভাসিয়ে কলিন অ্যাকারম্যানের হাতে ধরা পড়েন এনামুল। ২ চার ও ১ ছয়ে ২১ বলে ২৯ রান করেন তিনি।
পরের ওভারে এনামুলের পথ ধরেন চতুরাঙ্গা। ইমাদ ওয়াসিমের অফ স্টাম্পের অনেক বাইরের বল কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন শ্রীলঙ্কান ওপেনার। তার ব্যাট থেকে আসে ৬ চার ও ১ ছয়ে ২৫ বলে ৩৬ রান।
পরপর দুই ওভারে দুই ওপেনারকে ফেরালেও সিলেটকে ইনিংসের নিয়ন্ত্রণ নিতে দেননি সাকিব। মুখোমুখি পঞ্চম বলেই ছক্কা মেরে আগ্রাসী ব্যাটিংয়ের বার্তা দেন তিনি। যা চলতে থাকে ইনিংসের শেষ ওভার পর্যন্ত। মাঝে ইফতিখার আহমেদ ১০ বলে ১৩ ও মাহমুদউল্লাহ আউট হন ১২ বলে ১৯ রান করে।
ক্যারিয়ারের ২৭তম ফিফটিতে স্রেফ ৩২ বলে ৬৭ রান করেন সাকিব। এক দিকের তুলনামূলক ছোট বাউন্ডারির সুবিধা কাজে লাগিয়ে স্কয়ার লেগ ও মিড উইকেট দিয়ে একের পর এক চার-ছয় মারতে থাকেন তিনি। সব মিলিয়ে ৭ চার ও ৪ ছয়ে সাজান নিজের ইনিংস।
ইনিংসের ১৬তম ওভারে রেজাউর রহমান রাজার বাউন্সারে ওয়াইড চেয়ে আম্পায়ারের সঙ্গে বচসায়ও জড়ান বরিশালের অলরাউন্ডার। এর আগে ব্যক্তিগত ৩২ রানে আমিরের বলে ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়েও বেঁচে যান তিনি। জীবন পাওয়ার আগে ১৯ বলে করেন ৩২ রান। পরের ১৩ বলে তার সংগ্রহ আরও ৩৫ রান।
মাশরাফির করা শেষ ওভারে আউট হওয়ার আগেও আমিরের বলে আবার জীবন পান সাকিব। এবার পয়েন্টে তার ক্যাচ ছাড়েন আকবর আলি। ওই ওভারেই পরের বলটি ছক্কা মারেন করিম জানাত। শেষ ওভারে এই জানাতও জীবন পান তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে।
পরে রান তাড়ায় নেমে দ্বিতীয় বলেই ওপেনার অ্যাকারম্যানের উইকেট হারায় সিলেট। আয়েশি ভঙ্গিতে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউটে কাটা পড়েন ডাচ ওপেনার।
শুরুর এই ধাক্কা বড় হতে দেননি নাজমুল হোসেন শান্ত ও তিন নম্বরে নামা হৃদয়। শুরু থেকেই আগ্রাসী ছিলেন হৃদয়। অন্য প্রান্তে রয়েসয়ে জুটি এগিয়ে নেন শান্ত। তাদের কাজ সহজ হয়ে যায় বরিশালের বাজে ফিল্ডিংয়ের সৌজন্যে।
ইনিংসের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজের বলে হৃদয়ের ক্যাচ ছেড়ে দেন হায়দার আলি। স্রেফ ৯ রানে বেঁচে গিয়ে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগান হৃদয়। তার ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বরিশালের সমান ৫৪ রান করে ফেলে সিলেট।
অষ্টম ওভারে ক্যাচ ছাড়েন মিরাজ। চতুরাঙ্গার বলে লং অন থেকে অনেকটা দৌড়ে ওয়াইড লং অনে গিয়ে বল নাগালে পেয়েও হাতে রাখতে পারেননি অফ স্পিনিং অলরাউন্ডার। এবার জীবন পান ২৬ রানে খেলতে থাকা শান্ত।
জীবন পেয়ে শান্তও এগুতে থাকেন ফিফটির দিকে। কিন্তু রানআউটে থামে তার ইনিংস। ১২তম ওভারে সাকিবের বলে সোজা এক্সট্রা কভার ফিল্ডার বরাবর মেরেই দৌড় শুরু করেন তিনি।
সেখানে রান নেওয়ার কোনো সুযোগই ছিল না। হৃদয় বের হননি তার প্রান্ত থেকে। এক দৌড়ে সোজা ড্রেসিংরুমেই চলে যান ৪০ বলে ৪৮ রান করা শান্ত। তার বিদায়ে ভাঙে ১০১ রানের দ্বিতীয় উইকেট জুটি। তখনও জয়ের জন্য বাকি ছিল ৫০ বলে ৯৩ রান।
শান্তর রানআউট যেন শাপেবর হয় সিলেটের জন্য। চার নম্বরে নেমে শুরু থেকেই চালিয়ে খেলতে থাকেন জাকির। তাকেও অবশ্য জীবন দেয় বরিশালের ফিল্ডাররা। সাকিবের ব্যক্তিগত শেষ ওভারের প্রথম বলে ডিপ পয়েন্টে সহজ ক্যাচ নিতে পারেননি সৈয়দ খালেদ আহমেদ।
ওই ওভারের শেষ তিন বলে চার ও ছয়সহ মোট ১৪ রান তুলে নেন জাকির। এর আগের ওভারে স্রেফ ৩১ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন হৃদয়। দারুণ খেলতে থাকা হৃদয় রিভার্স স্কুপ করতে গিয়ে এলবিডব্লিউ হন। জানাতের বলে আউট হওয়ার আগে ৭ চারের সঙ্গে ১টি ছয় মারেন তিনি।
হৃদয় ফিরে যাওয়ার পর উইকেটে গিয়ে প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দারুণ কাট শটে চার মারেন মুশফিক। পরের বল এক্সট্রা কভার দিয়ে একই ঠিকানায় পাঠান অভিজ্ঞ ব্যাটসম্যান। শেষ বলে ১ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছেই রাখেন তিনি।
শেষ ৫ ওভারে ৫০ রানের সমীকরণে আক্রমণে আসেন ইবাদত হোসেন। তার প্রথম দুই বলে চার-ছয় মেরে নিয়ন্ত্রণ নেন মুশফিক। তিনি সিঙ্গেল নিয়ে জাকিরকে স্ট্রাইক দেন। বাঁহাতি এই তরুণ আরও দুই বাউন্ডারি মারলে ওই ওভার থেকে আসে ১৯ রান। পরের ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্রেফ ৪ রান দেন খালেদ।
চতুরাঙ্গার করা ১৮তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে ১৭ বলে ৪৩ রানে পৌঁছে যান জাকির। মনে হচ্ছিল, আগের দিন রনি তালুকদারের করা ১৯ বলে ফিফটির রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি। কিন্তু পরের বলে আবারও ছক্কার চেষ্টায় হাওয়ায় ভাসিয়ে বোলারের হাতেই ধরা পড়েন তিনি।
ওই ওভারে আর বাউন্ডারি না এলে ১২ বলের জন্য বাকি থাকে ১৯ রান। তবে খেলা আর শেষ ওভারে যেতে দেননি থিসারা। খালেদের করা ওভারে দুই ছয়ের সঙ্গে এক চারে ২০ রান করে সিলেটের জয় নিশ্চিত করেন লঙ্কান অলরাউন্ডার।
সংক্ষিপ্ত স্কোর:
ফরচুন বরিশাল: ২০ ওভারে ১৯৪/৭ (চতুরাঙ্গা ৩৬, এনামুল ২৯, ইফতিখার ১৩, সাকিব ৬৭, মাহমুদউল্লাহ ১৯, হায়দার ৩, জানাত ১৭*, মিরাজ ১, কামরুল ০*; মাশরাফি ৪-০-৪৮-৩, আমির ৪-০-৩১-০, ইমাদ ৪-০-২৭-১, রাজা ৪-০-৩২-১, থিসারা ৩-০-৩৮-১, অ্যাকারম্যান ১-০-১৬-০)
সিলেট স্ট্রাইকার্স: ১৯ ওভারে ১৯৬/৪ (অ্যাকারম্যান ১, শান্ত ৪৮, হৃদয় ৫৫, জাকির ৪৩, মুশফিক ২৩*, থিসারা ২০*; মিরাজ ৩-০-৩৫-০, সাকিব ৪-০-৩১-০, ইবাদত ২-০-৩০-০, খালেদ ৩-০-৩৫-০, ইফতিখার ১-০-৮-০, চতুরাঙ্গা ২-০-১৪-১, কামরুল ২-০-২৪-০, জানাত ২-০-১৫-১)
ফল: সিলেট স্ট্রাইকার্স ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: তৌহিদ হৃদয়
