২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদের সমালোচনা করায় অশ্বিনের শাস্তি

ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের এই অফ স্পিনিং অলরাউন্ডারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2023, 08:39 PM

Updated : 13 Apr 2023, 08:59 PM

আইপিএলে আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে বিপাকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে রাজস্থান রয়্যালসের এই অফ স্পিনিং অলরাউন্ডারকে।

চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে বুধবার চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রাজস্থানের লড়াইয়ে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে অসন্তোষ প্রকাশ করেন অশ্বিন। পরদিন তাকে শাস্তি দেওয়ার কথা জানায় আইপিএল কর্তৃপক্ষ।

চেন্নাইয়ের ইনিংসের দ্বাদশ ওভারে অশ্বিনের বলে শিভাম দুবে এলবিডব্লিউ হওয়ার পর পরই বল বদলান আম্পায়াররা। সাধারণত শিশিরের কারণে বল গ্রিপ করতে সমস্যা হলে ফিল্ডিং দলের অনুরোধে বল বদলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

কিন্তু এই ম্যাচে রাজস্থানের পক্ষ থেকে এমন কিছু চাওয়া হয়নি বলে জানান অশ্বিন। আম্পায়ারের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি ভারতীয় এই ক্রিকেটার।

ম্যাচের কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে খেলোয়াড়, অফিসিয়ালদের নিয়ে অনুপযুক্ত মন্তব্য করা আইপিএলের নিয়মনীতির বহির্ভূত। যা লেভেন-১ বিধি ভাঙার শামিল।

ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন অশ্বিন।