২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনও সুযোগ দেখছেন সাকিব

সেমি-ফাইনাল স্বপ্ন ভেঙে গেলেও এখনও বিশ্বকাপ থেকে ভালো কিছু পাওয়ার আশায় বাংলাদেশ অধিনায়ক।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 09:30 AM

Updated : 29 Oct 2023, 03:43 PM

ব্যর্থতার বিষম ভার যেভাবে চেপে ধরেছে, তাতে শেষ তিন ম্যাচে মাঠে নামাই দায়। কিন্তু নিয়মরক্ষার ম্যাচগুলিও তো খেলতে হবে! দেশের জার্সিতে খেলতে নামলে প্রত্যাশাকেও সঙ্গী করে নামতে হবে। যদিও নেদারল্যান্ডসের কাছে চরমভাবে পর্যদুস্ত হওয়ার পর মাথা তুলে দাঁড়ানো কঠিন বলে মনে করছেন স্বয়ং সাকিব আল হাসানও। তবে কঠিন কাজগুলোকেই সম্ভব করে এখনও ভালো কিছু অর্জনের আশাও ছাড়ছেন না বাংলাদেশ অধিনায়ক।

সেমি-ফাইনালে চোখ রেখে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ দলের স্বপ্নগুলো ক্রমে স্তিমিত হয়েছে প্রতিটি ম্যাচ শেষে। ‘পরের ৬ ম্যাচ জিততে পারি’, ‘পরের ৫ ম্যাচ জিততে পারি’, ‘নট ফিনিশড ইয়েট’- দলের পক্ষ থেকে এই ধরনের আলোচনাগুলোও মিলিয়ে গেছে হাওয়ায়। শেষ তিন ম্যাচে আরও কত পতন হতে পারে, সেই শঙ্কাই এখন ঘিরে ধরছে বরং।

বিশেষ করে নেদারল্যান্ডসের কাছে চূড়ান্ত অপদস্থ হওয়ার পর দলের মনোবল কিছু আর অবশিষ্ট থাকার কথা নয়। ড্রেসিং রুমের সেই আবহাওয়া ধরতে পারছেন সাকিব নিজেও। তবু ম্যাচ যখন তিনটি বাকি, অধিনায়ক হিসেবে আশার গান গাইতেই হয়। সাকিবের কণ্ঠেও তা শোনা গল।

“সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। যেহেতু তিন ম্যাচ আছে, সুযোগ এখনও আছে আমাদের। যেটা বললাম যে খুবই কঠিন। তবে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া তো আমাদের আসলে এখন আর কিছু করার নেই। আজকের দিনটা যদি আমরা ভুলে যেতে পারি এবং সামনের ম্যাচে ফোকাস করতে পারি, তাহলে ভালো হবে। খুবই কঠিন সেই জিনিসটা করা। কারণ যে পরিস্থিতিতে আমরা আছি, সেখান থেকে ফিরে আসা খুব কঠিন।”

‘সুযোগ এখনও আছে’ যখন তিনি বললেন, সংবাদ সম্মেলনে কক্ষে অনেকেই পরস্পরের মুখ চাওয়া-চাওয়ি করলেন। চোখে-মুখে কৌতূহল, তবে কি এখনও সেমি-ফাইনাল স্বপ্ন দেখছেন সাকিব? কঠিন অঙ্কের মারপ্যাচে এখনও সেই সম্ভাবনা আছে বটে। তবে বাস্তব আলোচনায় এই প্রসঙ্গ তুললেই তো জন্ম নেবে হাসির খোরাক!

সুযোগের ব্যাপারটিও তাই খোলাসা করতে বলা হলো সাকিবকে। তিনি নিজেই স্পষ্ট করে দিলেন, শেষ চারের ভাবনা নয়, বরং আরেকটু ভালোভাবেশেষ করার লক্ষ্য তার। র‌্যাঙ্কিংয়ে উপযুক্ত অবস্থানে থেকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা জিইয়ে রাখার কথাও তিনি বললেন।

“সেমি-ফাইনালের সম্ভাবনা নয়, অন্তত আরেকটু ভালো করা। ধরুন, র‌্যাঙ্কিংয়ে আটের ভেতর থাকতে হবে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হয়। সেই জায়গা থেকেও এখনও তিনটি ম্যাচ আছে। যদিও আগেই বললাম, এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন। তব খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত তো কিছু বলা সম্ভব নয়। আমাদেরকে চেষ্টা করতেই হবে এবং এই ১৫ জনকেই চেষ্টা করতে হবে যেন কিছু বদল করতে পারি। আবারও বলছি, এটা কঠিন। তবে চেষ্টা করা ছাড়া আর উপায় নেই।”

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সময় খুব বেশি নেই বাংলাদেশ দলের জন্য। ইডেন গার্ডেন্সেই মঙ্গলবার প্রতিপক্ষ পাকিস্তান।