২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষেও অনিশ্চিত গিল

আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2023, 05:27 PM

Updated : 11 Oct 2023, 05:27 PM

ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন শুবমান গিল। আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তবে বিশ্বকাপে ভারতের প্রথম দুই ম্যাচে বাইরে থাকার পর পাকিস্তানের বিপক্ষেও তাকে পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য গিলকে চেন্নাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের এক কর্মকর্তা বুধবার দেশটির সংবাদ সংস্থা পিটিআইকে গিলের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান।

"গিল ভালোভাবে সেরে উঠছে এবং আজ আহমেদাবাদের উদ্দেশে চেন্নাই ছেড়ে যাবে। এখনও নিশ্চিত নয় যে, বৃহস্পতিবার মোতেরাতে গিল হালকা অনুশীলন করবে কি-না। তার রিকভারি ভালোভাবে হচ্ছে, কিন্তু পাকিস্তানের বিপক্ষে তিনি খেলতে পারবেন কি-না, তা নিশ্চিত নয়।”

গিলের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওপেনিংয়ে সুযোগ পান ইশান কিষান। শূন্য রানেই আউট হন তিনি। ২০০ রানের লক্ষ্য তাড়ায় ২ রানে ৩ উইকেট হারানোর ধাক্কা সামলে শেষ পর্যন্ত ভারত ৬ উইকেটের জয় পায় ৫২ বল হাতে রেখে।  

দিল্লিতে বুধবার আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বিশ্বকাপের স্বাগতিকরা। এই ম্যাচেও খেলছেন কিষান। আগামী শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তারা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে।

চলতি বছর ওয়ানডেতে ৭২.৩৫ গড় ও ১০৫.০৩ স্ট্রাইক রেটে ১ হাজার ২৩০ রান করেছেন গিল। সবশেষ চার ম্যাচে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি এসেছে তার ব্যাট থেকে।