২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ম্যাচ সেরার পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ মুজিবের

বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পেরে গর্বিত আফগানিস্তানের রহস্য স্পিনার।

ম্যাচ সেরার পুরস্কার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ মুজিবের

ম্যাচ সেরার পুরস্কার হাতে মুজিব উর রহমান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 11:55 PM

Updated : 15 Oct 2023, 11:58 PM

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন মুজিব উর রহমান। আফগানিস্তানকে স্মরণীয় জয় এনে দিয়ে তিনি হয়েছেন ম্যাচের সেরা। সেরার পুরস্কার আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করেছেন এই রহস্য স্পিনার।  

বিশ্বকাপে রোববার বিশ্ব চ্যাম্পিয়নদের ৬৯ রানে হারায় আফগানিস্তান। ব্যাট হাতে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসের পর হাত ঘুরিয়ে ৩ উইকেট নিয়ে আফগানদের জয়ের নায়কদের একজন মুজিব।

বিশ্বকাপে তো বটেই, যে কোনো সংস্করণেই ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় এটি। বিশ্ব মঞ্চে তাদের দ্বিতীয় জয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুজিব বললেন, এই অর্জনে তারা গর্বিত।

“বিশ্বকাপে আসতে পারা এবং বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাতে পারার মুহূর্তটি খুবই গর্বের। গোটা দলের জন্য দারুণ অর্জন এটি। আর এই ধরনের সুযোগের জন্য আমরা কঠোর পরিশ্রম করছি। বোলার ও ব্যাটসম্যানরা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।”

“আমি এই পুরস্কার দেশের মানুষকে উৎসর্গ করছি, যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

গত ৭ অক্টোবর ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। এক সপ্তাহের মধ্যে শনিবার তৃতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি।