সবুজের আড়ালে রান হাসে
ধারামশালার উইকেটে ঘাসের ছোঁয়া থাকলেও এখানে বড় রানের খেলা হবে বলে মনে করেন বাংলাদেশ কোচ চান্দিকা হাথুরুসিংহে।
জমিতে যেভাবে ছিটানো হয় কীটনাশক কিংবা ঝোপঝাড়ে দেওয়া হয় মশার ওষুধ, অনেকটা যেন সেরকম কিছুই চলছিল ধারামশালা স্টেডিয়ামের উইকেটে। একটু কাছ থেকে মনোযোগ দিয়ে দেখার পর অবশ্য বোঝা গেল, আসলে পানি ছিটানো হচ্ছে উইকেটে। প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের জন্য।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুক্রবার দুপুরে যখন অনুশীলন করছিল বাংলাদেশ দল, মাঠের মাঝখানে তখন চলছিল উইকেট পরিচর্যার কাজ। পানি দেওয়ার আগে কিছুটা ছেঁটে দেওয়া হয় উইকেটের ঘাস। এরপর পানি ছিটিয়ে দেওয়া হয়। একটু পর দুই দফায় চালানো হয় রোলার। শুরুতে হালকা রোলার, পরে ভারী রোলার। এসবের মধ্যেই অনুশীলনের ফাঁকে গিয়ে উইকেট পর্যবেক্ষণ করেন আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট ও দলের কয়েকজন ক্রিকেটার।
সকালে উইকেট পরখ করে দেখেছেন চান্দিকা হাথুরুসিংহেও। উইকেটে তখন ঘাস ছিল যথেষ্টই। তবে সেই সবুজ ঘোমটার আড়ালে রান লুকিয়ে আছে বলেই সংবাদ সম্মেলনে বললেন বাংলাদেশ কোচ।
“ওয়ানডে ক্রিকেটের জন্য খুব ভালো উইকেট। আমার মনে হয়েছে, উইকেট বেশ শক্ত, ঘাসে চমৎকারভাবে আচ্ছাদিত। আমার ধারণা, দারুণ স্পোর্টিং উইকেট এটি। এই মাঠে বেশ বড় রানই আশা করছি। কিউরেটর অবশ্য বলেছেন, আজকেও উইকেটে আরও কিছু কাজ করা হবে।”
সেই কাজগুলোই করা হয়েছে দুপুর থেকে বিকেল পর্যন্ত। ছেঁটে দেওয়ার পরও অবশ্য ঘাসের ছোঁয়া রয়ে যায় উইকেট। তবে তাতে আরও বেশি ব্যাটিং সহায়ক হয়ে ওঠার কথা এই উইকেটের।
এমনিতে উপমহাদেশের সাধারণ উইকেটগুলোর তুলনায় একটু বেশিই গতিময় এই মাঠ। সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১ হাজার ৫০০ মিটার উচ্চতার এই মাঠে বাড়তি বাউন্সও মেলে। তবে সেসব তো তার পার্থ বা গ্যাবার মতো নয়। বরং বল ভালোভাবে ব্যাটে আসে এবং বাউন্স সমান বলে রান হয় দেদার।
বছরের কোনো কোনো সময় অবশ্য কন্ডিশনের কারণে এখানে সুইং ও সিম মুভমেন্টও মেলে। আফগান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদি যেমন সংবাদ সম্মেলনে বললেন, উইকেটে সিম মুভমেন্ট ও বাউন্স থাকলে তারা সেভাবেই মানিয়ে নেবেন। তবে বছরের এই সময়টায় উইকেট খুব বেশি পেস সহায়ক থাকার সুযোগ কমই।
সবশেষ গত মে মাসে আইপিএলের দুটি ম্যাচ হয় পাঞ্জাব কিংসের হোমগ্রাউন্ড এই মাঠে। একটিতে দিল্লি ক্যাপিটালস ২০ ওভারে তোলে ২১৩ রান, পাঞ্জাব কিংস রান তাড়ায় পৌঁছে যায় ১৯৮ রানে। পরের ম্যাচে পাঞ্জাবের ১৮৭ রান টপকে জিতে যায় রাজস্থান রয়্যালস।
বিশ্বকাপের ম্যাচেও তাই রানের জোয়ার দেখা যেতে পারে। স্টেডিয়ামের ঠিক পেছনে ধলাধার পাহাড় যেমন বছরের এই সময়টায় উঁকি দিচ্ছে অপরূপ সবুজ চেহারায়, তেমনি এই মাঠের ২২ গজের সবুজটুকুও হয়তো এক ধরনের মায়া। এই সবুজের বুকে ছড়িয়ে আছে রান আর রান।
