বড় ম্যাচে সেঞ্চুরি করবেন বাবর, নিশ্চিত আফ্রিদি
বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারেননি পাকিস্তান অধিনায়ক।
চলতি বিশ্বকাপে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি বাবর আজম। পাকিস্তান প্রথম দুই ম্যাচে জিতলেও তাদের অধিনায়ক ছিলেন নিষ্প্রভ। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যানের পড়তি ফর্ম নিয়ে তাই স্বাভাবিকভাবে চলছে আলোচনা। কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়কের দৃঢ় বিশ্বাস, বড় ম্যাচে বড় ইনিংস খেলবেন বাবর।
হায়দরাবাদে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচে নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ ও ৯০ রানের ইনিংস খেলেন বাবর। সেই ফর্ম মূল টুর্নামেন্টে টেনে নিতে পারেননি তিনি। একই মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৫ ও শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে আউট হয়ে যান ২৮ বছর বয়সী ব্যাটসম্যান।
ডাচদের বিপক্ষে অনায়াস জয়ের পর গত মঙ্গলবার বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারায় পাকিস্তান। পরে বাবরের সঙ্গে কথা বলেন আফ্রিদি। সেই কথোপকথন তিনি তুলে ধরলেন স্থানীয় এক টিভি চ্যানেলের সঙ্গে আলাপচারিতায়।
“আমি বাবর আজমের সঙ্গে কথা বলেছি এবং জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। সে বড় ম্যাচের খেলোয়াড়, তাই তাকে আত্মবিশ্বাসী হতে বলেছি। বাবর যখন আমার বার্তার উত্তর দিয়েছিল, তাকেও ইতিবাচক এবং ভালো করতে মরিয়া বলে মনে হয়েছিল।”
“সবশেষ ম্যাচটা তার জন্য দুর্ভাগ্যজনক ছিল, কিন্তু আমি নিশ্চিত বড় ম্যাচে সে সেঞ্চুরি করবে।”
সামনেই পাকিস্তানের বড় ম্যাচ। আগামী শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাবরের দল।
