২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গত আসরের চার দলকে এবারও সেমিতে দেখছেন টেন্ডুলকার

আইসিসি ডিজিটাল ইনসাইডারে বিশ্বকাপের সেমি-ফাইনালের ভবিষ্যদ্বাণী করেছেন সাচিন টেন্ডুলকার।

গত আসরের চার দলকে এবারও সেমিতে দেখছেন টেন্ডুলকার

সাচিন টেন্ডুলকার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 04:34 PM

Updated : 06 Oct 2023, 04:34 PM

প্রায় এক যুগ পর ভারতের ঘরের মাঠে বিশ্বকাপ। ২০১১ সালের মতো এবারও তাদের স্বপ্ন আকাশচুম্বী। নিজেদের চেনা আঙিনায় রোহিত শর্মার দলের হাতে ট্রফি দেখছেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। তবে সরাসরি এই কথা বলছেন না সাচিন টেন্ডুলকার। নিজ দেশের ওপর পূর্ণ আস্থা জানিয়ে সেরা চারের ভবিষ্যদ্বাণীতে ভারতসহ গত আসরের ৪ দলকেই রাখছেন দেশটির কিংবদন্তি এই ক্রিকেটার।

আহমেদাবাদে বৃহস্পতিবার ইংল্যান্ড-নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠেছে এবারের বিশ্বকাপের। বর্তমান চ্যাম্পিয়নদের ৯ উইকেটে উড়িয়ে যাত্রা শুরু করেছে গত বারের রানার্স-আপরা। চেন্নাইয়ে রোববার মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। এই চার দলকেই সেমি-ফাইনালে দেখছেন টেন্ডুলকার।

ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জিল্যান্ড ও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। আইসিসি ডিজিটালের ইনসাইডারে তাদের পক্ষেই নিজের রায় দিলেন টেন্ডুলকার।

“কোনো সন্দেহ ছাড়াই ভারত। আমাদের খুব খুব ভালো, ভারসাম্যপূর্ণ দল রয়েছে। একই কথা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। আমার মতে, তাদের দল খুব ভারসাম্যপূর্ণ।”

“(সেমি-ফাইনালের) তৃতীয় দল আমি বলব, ইংল্যান্ড। এবারও তারা খুব শক্তিশালী দল, অভিজ্ঞ ও নতুন মুখের একটা মিশেল রয়েছে। আমার চতুর্থ দল নিউ জিল্যান্ড। তারা ২০১৫ ও ২০১৯ সালে ফাইনাল খেলেছে। পরিসংখ্যান দেখলে তারা সব সময় বৈশ্বিক আসরে ভালো করেছে। আমি তাদেরকে সেমিতে দেখছি।”

সরাসরি বিশ্বকাপ জয়ের কথা না বললেও টেন্ডুলকার বিশ্বাস করেন, ভারতের বর্তমান দলের সর্বোচ্চ সাফল্য পাওয়ার সামর্থ্য রয়েছে।

“আমি আশা করি (বিশ্বকাপ জিততে পারবে)। কারণ আমাদের দল ভালো ক্রিকেট খেলছে। দল যদি সব কিছু স্বাভাবিক রাখে এবং মৌলিক দিকগুলোতে জোর দেয়, তাদের সেই সামর্থ্য আছে। আমার ব্যাটিং লাইন-আপ শক্তিশালী, দারুণ অলরাউন্ড বোলিং আক্রমণ। আমাদের দল ভারসাম্যপূর্ণ।”