২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাচ মিস নয়, কামিন্সের আক্ষেপ ৫০ রানের ঘাটতি

হারে বিশ্বকাপ শুরু হলেও এখনই দুশ্চিন্তার কিছু দেখছেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 12:31 AM

Updated : 09 Oct 2023, 12:31 AM

ছোট পুঁজি নিয়ে বোলিংয়ে শুরুটা কী দুর্দান্তই না হয়েছিল অস্ট্রেলিয়ার। প্রথম দুই ওভারের মধ্যে ভারতের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে জাগিয়ে তুলেছিল দারুণ এক জয়ের সম্ভাবনা। কিন্তু একটি ক্যাচ ফেলার পর পাল্টে যায় চিত্র। শুরুতে জীবন পেয়ে দায়িত্বশীল এক ইনিংস এবং লোকেশ রাহুলের সঙ্গে অসাধারণ জুটিতে ম্যাচের গতিপথ পাল্টে দেন ভিরাট কোহলি। ম্যাচ হারলেও ওই ক্যাচ হাতছাড়াকে অবশ্য দায় নিতে নারাজ প্যাট কামিন্স। বরং ব্যাটিংয়ে আরও অন্তত ৫০ রান কম হওয়ার আক্ষেপ অস্ট্রেলিয়ান অধিনায়কের।  

চেন্নাইয়ে রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ রানে মিচেল মার্শকে হারালেও একটা পর্যায়ে বেশ ভালো অবস্থানে ছিল অস্ট্রেলিয়া। ২ উইকেটে স্কোর ছিল ১১০। এরপরই ভারতের স্পিনারদের সামনে পথ হারিয়ে ফেলে তারা। তিন বল বাকি থাকতে অল আউট হয় ১৯৯ রানে। 

বোলিংয়ের শুরুটা অবশ্য অস্ট্রেলিয়ার জন্য হয় স্বপ্নের মতো। প্রথম ওভারে ইশান কিষানকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। পরের ওভারে জশ হেইজেলউডের শিকার রোহিত শর্মা ও শ্রেয়াস আইয়ার। ২ রানে ৩ উইকেট হারিয়ে তখন ধ্বংসস্তূপে ভারত। খানিক পর স্কোর হয়ে যেতে পারত ৪ উইকেটে ২০। কিন্তু হেইজেলউডের বলেই কোহলির ক্যাচ নিতে ব্যর্থ হন মার্শ। 

১২ রানে জীবন পেয়ে ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। রাহুলের সঙ্গে উপহার দেন ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া ১৬৫ রানের জুটি। রাহুলের অপরাজিত ৯৭ রানে ভারত ৬ উইকেটে জিতে যায় ৫২ বল হাতে রেখে।   

হারে বিশ্বকাপ শুরুর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কামিন্স বললেন, তারা আরও কিছু রান বেশি করতে পারলে চিত্রটা ভিন্নও হতে পারত। 

“অন্তত ৫০ রান (কম হয়ে গেছে)। ২০০ রানের নিচে যে কোনো স্কোরকে ডিফেন্ড করা কঠিন। তাদের সত্যিই ভালো বোলিং আক্রমণ ছিল এবং তাদের স্পিনাররা আমাদের কাজটা কঠিন করে তুলেছিল। আমি তেমন অখুশি ছিলাম না (একাদশে মাত্র দুজন স্পিনার নিয়ে), আমাদের ২০ ওভারের স্পিন ছিল, কিন্তু বোর্ডে আরও কিছু রান থাকলে পার্থক্য হয়ে যেত।” 

“আমি ইতিমধ্যে এটি (ক্যাচ হাতছাড়া) ভুলে গেছি, এমনটা হয়েই থাকে, ১০ রানে ৪ উইকেট স্বপ্নের শুরু হতে পারত...৯টি ম্যাচের মধ্যে মাত্র একটি হলো, চিন্তা করার মতো খুব বেশি কিছু নেই। তবে এমন কিছু জায়গা আছে, যেখানে আমাদের আরও ভালো করতে হবে।”