একটি ব্যাখ্যাতীত শট কিংবা আত্মহত্যা
সিলেট টেস্টের প্রথম সকালে আগ্রাসী ব্যাটিংয়ের পর নীরিহ এক ফুল টস বলে দৃষ্টিকটূভাবে আউট হন নাজমুল হোসেন শান্ত।
উইকেট পেয়ে বোলার নিজেই বিশ্বাস করতে পারছিলেন না। মাথায় হাত দিয়ে হাসছিলেন তিনি অবিশ্বাসের ভঙ্গিতে। অনেকটা উঁচুতে উঠে যাওয়া বলটি যিনি তালুবন্দি করলেন, সেই ফিল্ডারও অবাক ব্যাটসম্যানের শট দেখে। আর ব্যাটসম্যান নিজে তো সবচেয়ে বেশি অবাক। তিনিও যেন বুঝে উঠতে পারছিলেন না, ‘এ কী শট খেললাম!’
নাজমুল হোসেন শান্তর শট ঘিরে এরকম বিস্ময়ের ঝড় বয়ে গেল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ-নিউ জিল্যান্ডের প্রথম টেস্টে প্রথম সেশনে গ্লেন ফিলিপসের ফুল টস বলে দৃষ্টিকটূভাবে আউট হন বাংলাদেশের অধিনায়ক। লাঞ্চ বিরতির তখন বাকি মাত্র মিনিট দশেক।
ফুল টসে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান অবশ্যই তিনি নন। শেষ ব্যাটসম্যানও নিশ্চিতভাবেই নন। ব্যাটসম্যানরা বাজে শট অনেক সময়ই খেলেন। টেস্ট ক্রিকেটেও অনেক সময় ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে আসেন। কোনো সেশনের শেষ সময়ে গিয়ে আউট হওয়া ব্যাটসম্যানের সংখ্যাও কম নয়। তার পরও, শান্ত যেভাবে আউট হলেন, শত চেষ্টাতেও আসলে এটির পক্ষে কোনো যুক্তি দাঁড় করানো কঠিন।
আউট হওয়ার আগের বলটিতেও ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলেন শান্ত। কিন্তু সেটি বুঝেই জোরের ওপর বল করেন ফিলিপস। শান্ত ঠিকমতো টাইমিং করতে পারেননি। পরের বলটিতেই লোপ্পা ফুল টস করে বসেন ফিলিপস। কিন্তু শান্ত তো আবারও ক্রিজ ছেড়ে বেরিয়ে গেছেন আগেই!
ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়াতেই যথেষ্ট জায়গা পাননি শান্ত, হাত খুলে শট খেলতে পারেননি। তাই মারে যথেষ্ট জোর হয়নি বা টাইমিং হয়নি ঠিকঠাক। ব্যাটের ঠিক জায়গায় লাগেনি বল। বরং বল উঠে যায় কেবল ওপরেই। লং অন সীমানা থেকে অনেকটা ভেতরে দৌড়ে এসে ক্যাচ নেন কেন উইলিয়ামসন।
স্রেফ এই শটের কথা বললে অবশ্য শান্তর এ দিনের ব্যাটিংয়ের পুরো চিত্রটা ঠিক পরিষ্কার হয় না। টেস্ট নেতৃত্বে অভিষেকের ইনিংসটায় শুরু থেকেই বেশ আগ্রাসী ছিলেন তিনি।
ত্রয়োদশ ওভারে এজাজ প্যাটেলের বলে জাকির হাসান বোল্ড হওয়ার পর ক্রিজে যান শান্ত। প্রথম তিন বলে রান পাননি। চতুর্থ বলে সেই এজাজকেই ডাউন দা উইকেটে এসে ছক্কায় উড়িয়ে রানের চাকা ঘোরাতে শুরু করেন। সেই চাকা এরপর বেশ গতিময়তায় ছুটতে থাকে। এক বল পরই আবার ক্রিজ ছেড়ে বেরিয়ে চার মারেন।
একটু পর আবার ক্রিজে ছেড়ে বেরিয়ে এজাজকে আছড়ে ফেলেন সাইটসস্ক্রিনে। এক বল পর বাউন্ডারি মারেন রিভার্স সুইপে। এজাজের পরের ওভারে আরেকটি ছক্কা মারেন স্লগ সুইপে। তার রান তখন ২৩ বলে ৩০!
টেস্টে তার সবশেষ ১৭ ইনিংস মিলিয়ে ছক্কা ছিল দুটি। সেই দুই ছক্কাই মারেন আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরির ইনিংসে। এবার এক ইনিংসের শুরুর দিকেই তিন ছক্কা!
সোজা ব্যাটে তার দুই ছক্কায় ঝুঁকি কমই ছিল। বলের পিচ পর্যন্ত গিয়েই শট খেলতে পেরেছিলেন তিনি। স্লগ সুইপেও ঝুঁকি খুব বেশি ছিল না। টার্নের সঙ্গেই ব্যাট চালিছিয়েছিলেন তিনি, মিড উইকেট সীমানায় ছিল না ফিল্ডার। কিন্তু রিভার্স সুইপে ঝুঁকি মিশে ছিল যথেষ্টই।
বাঁহাতি শান্তর জন্য এরপর ফিলিপসের অফ স্পিন আক্রমণে আনেন কিউই অধিনায়ক টিম সাউদি। কাজ হয় তাতেই। অতি আগ্রাসনের খেসারত দেন শান্ত। প্রথম ওভারটি দেখেশুনে খেললেও পরের ওভারেই ওই শটে শান্তর বিদায়।
উইকেটের পেসারদের জন্য সহায়তা নেই বললেই চলে। তবে স্পিনাররা টার্ন পাচ্ছেন ম্যাচের প্রথম সকাল থেকেই। পরের দিকে হয়তো আরও বেশি টার্ন করতে পারে। সেক্ষেত্রে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়া জরুরি। দ্রুত করার চেষ্টাও হতে পারে কৌশলের অংশ। কিন্তু দ্রুত রানের তাড়না মানেই তো অতি আগ্রাসন নয়!
বারবার ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলাও খুব জরুরি নয়। কিউই স্পিনাররাও তখন খুব একটা ভালো বোলিং করছিলেন না। এজাজকে তো আক্রমণ থেকেই সরাতে বাধ্য হলেন তারা। এক প্রান্তে ইশ সোধি তখনও ছন্দ পাননি। ফিলিপস মাত্রই শুরু করলেন। বিশেষজ্ঞ স্পিনার তিনি নন। শান্ত ও মাহমুদুল হাসান জয়ের জুটি জমে গিয়েছিল দারুণভাবে। ওই সময়ই উইকেট উপহার দিয়ে ফিরলেন শান্ত।
ম্যাচ সচেতনার ঘাটতি অবশ্য বাংলাদেশের ব্যাটসম্যানদের পুরোনো রোগ। তার পরও, সবকিছু মাথায় রেখেও টেস্টের প্রথম সকালে শান্তর অমন আউটের ব্যাখ্যা পাওয়া কঠিন।
