‘অ্যাক্টিং ক্যাপ্টেন’ ধারণা ছাপিয়ে সফল অধিনায়ক ইমরুল
বিপিএলে অধিনায়ক হিসেবে নিজের সাফল্যকে অনেক পরিকল্পনার ফসল বললেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
একের পর এক প্রশ্ন ছুটে যাচ্ছিল দলের সত্ত্বাধিকারী নাফিসা কামাল ও কোচ মোহাম্মদ সালাউদ্দিনের দিকে। পাশেই নিশ্চুপ অপেক্ষায় তখন ইমরুল কায়েস। ফাইনালের পর সংবাদ সম্মেলনের এই চিত্র যেন ইমরুলের নেতৃত্বেরও প্রতীকী ছবি। বেশির ভাগ সময় তিনি আড়ালেই রয়ে যান। চাপা পড়ে থাকে অধিনায়ক হিসেবে তার ভূমিকা।
তবে তার সাফল্যই এখন কথা বলছে তার হয়ে। মাশরাফি বিন মুর্তজা ছাড়া একমাত্র ইমরুলেরই বিপিএলে নেতৃত্বে একাধিক ট্রফি জয়ের কীর্তি ছিল আগে থেকেই। এবার সেই অর্জন সমৃদ্ধ হলো আরও। অধিনায়ক হিসেবে তৃতীয় ট্রফি জেতা হয়ে গেল তার। এক ধাপ এগিয়ে গেলেন চারটি শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফির দিকে।
কুমিল্লার মতো ফ্র্যাঞ্চইজি, যারা টুর্নামেন্টের সবচেয়ে বড় বাজেটের দল গড়ে, বিশ্বের সেরা সব টি-টোয়েন্টি তারকাকে নিয়ে আসে প্রতি মৌসুমে, সেই দলের নেতৃত্ব পাওয়া যেমন সম্মানের, তেমনি ওজনেরও। বড় ভার এটি! প্রত্যাশা যেমন আকাশচুম্বি, কাজটাও অনেক সময় সহজ নয়। ইমরুল তা করে আসছেন সফলভাবেই।
খুব ডাকাবুকো চরিত্র তিনি নন। অভিব্যক্তি প্রকাশেও স্বচ্ছন্দ নন ততটা। তবে নিজের কাজ যে তিনি ঠিকঠাক করে আসছেন, তা জানান দিচ্ছে তার সাফল্যই।
২০১৯ বিপিএলে নেতৃত্ব পাওয়াটা ছিল অনেকটাই অকস্মাৎ। তামিম ইকবালকে অধিনায়ক ভেবেই সেবার দল গড়েছিল কুমিল্লা। কিন্তু এই ওপেনার শেষ পর্যন্ত নেতৃত্বে রাজি হননি। সেবার অধিনায়ক করা হয় অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভেন স্মিথকে। দুই ম্যাচ পর চোটের কারণে স্মিথ ফিরে যান দেশে। তখনও তামিম রাজি হননি, দায়িত্ব বর্তায় ইমরুলের কাঁধে।
সেবারই দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন তিনি। এরপর গতবছর ও এবারও জিতলেন টানা শিরোপা।
নেতৃত্বের সাফল্যের এই পুরো সময়টায় ইমরুলের ব্যাট কথা বলেনি খুব একটা। ২০১৯ বিপিএলে ১৩ ইনিংসে ১৮৩ রান করেছিলেন তিনি ১৬.৬৩ গড়ে। সর্বোচ্চ ছিল ৩৯। গত বিপিএলে ১১ ইনিংসে ১৯৬ রান করেন ১৯.৬০ গড়ে। এবার ১৩ ইনিংসে ২১৮ রান ১৬.৭৬ গড়ে, সর্বোচ্চ ইনিংস ৩৫ রানের। এই ৩৭ ইনিংসে ফিফটি স্রেফ ১টি!
তার পরও তিনি অধিনায়ক হিসেবে সফল। নেতিবাচক এই পরিসংখ্যানের একটি ইতিবাচক দিকও আছেও। নিজে ব্যাটে-বলে পারফর্ম করতে না পারলে অনেক অধিনায়কের জন্য কাজটা কঠিন হয়ে যায়, নিজেও মনোযোগ হারিয়ে ফেলেন। কিন্তু ইমরুলের ক্ষেত্রে তা হয়নি। ব্যাট হাতে টানা ব্যর্থতার পরও দল তার ওপর আস্থা রেখেছে ম্যাচের পর ম্যাচ, মৌসুমের পর মৌসুম, এটাও তার নেতৃত্বগুণের আরেকটা প্রমাণ।
ফাইনালের পর নাফিসা ও সালাউদ্দিনের নানা কথার ভিড়ে একটা সময় অবশেষে ইমরুলের দিকেও প্রশ্ন গেল। তিনি ফিরে গেলেন তার নেতৃত্বের শুরুর সময়টায়।
“আমি যখন প্রথম অধিনায়কত্ব করি কুমিল্লাতে, স্টিভেন স্মিথ অধিনায়ক ছিল, সে চলে গেল। তার পর আমাকে নিয়ে অনেক কথা হয়েছে যে আমি ‘অ্যাক্টিং ক্যাপ্টেন’…। তবে সবকিছু তো আসলে বাইরে থেকে প্রকাশ করা যায় না। মাঠেই করে দেখাতে হয়।”
“আমি স্যারের (কুমিল্লা কোচ সালাউদ্দিন) সঙ্গে যেভাবে আলোচনা করি, আমাদের খেলাটা নিয়ে, কুমিল্লার ভালোর জন্য… এবং সত্যি বলকে, ঘরোয়া ক্রিকেটে যখনই খেলি না কেন, অনেক পরিকল্পনা করে, চিন্তা-ভাবনা করে ক্রিকেট খেলি। এটার জন্য হয়তো সফল হই।”
নেতৃত্বে তার তিনটি শিরোপাই কুমিল্লার হয়ে। অধিনায়কত্ব ছাড়া আর একমাত্র যে ট্রফিটি জিতেছেন, সেটাও কুমিল্লার হয়েই। ২০১৫ বিপিএলে মাশরাফির নেতৃত্বে শিরোপাজয়ী দলের অংশ ছিলেন তিনি। ফাইনালে দারুণ একটা ফিফটিও করেছিলেন সেবার। তার বিপিএল ক্যারিয়ারের বেশির ভাগটা জুড়েই আছে তাই কুমিল্লা।
এই ফ্র্যাঞ্চাইজির বিশেষত্বও আলাদা করে তুলে ধরলেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। এবার হ্যাটট্রিক হার দিয়ে টুর্নামেন্ট শুরুর পরও যে দলের ভেতর বিশ্বাসটা ছিল, সেটিও জানালেন তিনি।
“আমি সবসময় বলি, কুমিল্লায় খেললে অন্যরকম একটা অনুভূতি কাজ করে আমার ভেতর। কুমিল্লা একটি ব্র্যান্ড। অনেক ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো করে বা খারাপ করে, এরপর তারা ছেড়ে দেয়। আশা ছেড়ে দেয়। কিন্তু এরা (কুমিল্লা) এক বছর ধরে যেভাবে পরিকল্পনা করে যে পরবর্তী ভিশন কী হবে, স্যার (কোচ) যেটা বললেন, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ি এবং আমাদের লক্ষ্য এরকম থাকে যে আমরা রানার্স আপ হওয়ার জন্য দল গড়ি না।”
“আমরা তিনটি ম্যাচ হারার পরও কিন্তু অনেকে অনেক কিছু বলেছে যে কোয়ালিফাই করতে পারব বা এরকম কিছু। কিন্তু আমাদের ভেতর বিশ্বাসটা ছিল এবং আমরা দলের ভেতর যেভাবে কাজ করে থাকি, এটা অসাধারণ।”
