২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

হোপ না থাকলেও আশা আছে উইন্ডিজের

অসাধারণ ফর্মে থাকা শেই হোপ বাংলাদেশ সফরে না থাকলেও অন্যদের ওপর ভরসা রাখছেন ক্যারিবিযান অধিনায়ক রস্টন চেইস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 06:25 PM

Updated : 27 Oct 2026, 06:24 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অনেক চ্যালেঞ্জই আসবে বাংলাদেশের জন্য। তবে একটি স্বস্তি সিরিজ শুরুর আগেই পেতে পারে নাজমুল হোসেন শান্তর দল, শেই হোপকে থামাতে মাথা ঘামাতে হবে না! এমন একজন ব্যাটসম্যানের অভাব যে অনুভব করবে ওয়েস্ট ইন্ডিজ দল, অধিনায়ক রস্টন চেইস তা অকপটেই স্বীকার করলেন। তবে দলের অন্যদের ওপরই ভরসা রাখছেন অধিনায়ক।

অনেক দিন ধরেই তিন সংস্করণে ওয়েস্ট ইন্ডিজ দলের অপরিহার্য অংশ হোপ। তবে সাম্প্রতিক সময়ে তিনি হয়ে উঠেছেন রান মেশিন। গায়ের পোমাকের রঙ বা বলের রং যেমনই হোক, তার ব্যাট দারুণ দীপ্তিময় সব সংস্করণেই। সীমিত ওভারের ক্রিকেটে তো তিনি দুই দলেরই অধিনায়ক, সঙ্গে দলের সেরা ব্যাটসম্যানও। টেস্টে অধিনায়ক না হলেও গুরুত্ব কম নেই। সবশেষ সাত টেস্টে করেছেন তিন সেঞ্চুরি, আরেক ইনিংসে করেছেন ৯২।

তবে এবার বাংলাদেশে টেস্ট সিরিজে নেই হোপ। টানা খেলার মধ্যে থাকা ৩২ বছর বয়সী ব্যাটসম্যানকে এই সফর থেকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক চেইস বললেন, হোপের ঘাটতি পুষিয়ে দিতে আস্থা রাখছেন তিনি অন্যদের ওপর।

“শেই হোপের না থাকাটা অবশ্যই তার অভাব আমাদের জন্য অবশ্যই বড় ব্যাপার হবে। কিন্তু এটাও মনে রাখতে হবে, সে অনেক ক্রিকেট খেলছ। সাদা বলের উভয় সংস্করণেই অধিনায়ক সে। অবশ্যই সে দুর্দান্ত ফর্মে আছে। তবে এখানে যেহেতু সে নেই, তাই এটা নিয়ে আমরা চিন্তা করতে পারি না। আমাদের স্কোয়াডে থাকা ১৫ জনকে নিয়েই আমাদের ভাবতে হবে এবং ব্যাটিং বিভাগে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।”

সেরাটা দেওয়ার চেষ্টায় নির্দিষ্ট কোনো ঘরানা অনুসরণ করা হবে না বলে জানালেন ক্যারিবিয়ান দলপতি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার কৌশলই থাকবে ব্যাটিংয়ে।

“আমি বলব না যে আমরা কোনো নির্দিষ্ট স্টাইল অনুসরণ করব। আমি মনে করি, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব খেলার ধরণ, শক্তি এবং দুর্বলতা রয়েছে। আমি মনে করি যে, আমরা কীভাবে খেলব তা নির্ভর করবে কন্ডিশন, স্কোরবোর্ড এবং খেলার অবস্থার ওপর।”