আগের দিন করাচিতে খেলে শনিবার বিপিএলের ম্যাচে রিজওয়ান
ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের জন্য ঢাকা থেকে হেলিকপ্টারে উড়িয়ে আনা হয়েছে পাকিস্তানের কিপার-ব্যাটসম্যানকে।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে তখন চলছিল ইনডোর কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান। হুট করেই শোনা গেল হেলিকপ্টারের শব্দ। স্টেডিয়ামের মিডিয়া সেন্টার লাগোয়া বিভাগীয় মহিলা কমপ্লেক্সের মাঠে নামে ওই হেলিকপ্টার। বেরিয়ে আসেন মোহাম্মদ রিজওয়ান।
ফরচুন বরিশালের বিপক্ষে শনিবারের ম্যাচটি খেলানোর জন্য রিজওয়ানকে ঢাকা থেকে চট্টগ্রামে আনতে এই ব্যবস্থা করে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। বেলা ১২টা ৫০ মিনিটে মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে বেরিয়ে মাঠে প্রবেশ করেন রিজওয়ান। দুপুর দেড়টায় শুরু হওয়া ম্যাচে তাকে নিয়েই একাদশ সাজিয়েছে কুমিল্লা।
শুক্রবার রাতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলেন রিজওয়ান। পাকিস্তানের ২ উইকেটে হেরে যাওয়া ম্যাচটিতে ৭৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন কিপার-ব্যাটসম্যান। ১৫ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এবার টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামলেন তিনি।
পূর্ব নির্ধারিত সূচিতে সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন রিজওয়ান। সেখানে থেকে আসেন চট্টগ্রামে। তাকে মাঠে নামানোর জন্য আগে থেকেই এই ব্যবস্থা করে রেখেছিল কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি।
দলের ম্যানেজার আহসাউল্লাহ হাসান জানিয়েছেন, বিপিএল গভর্নিং কাউন্সিলকেও এই বিষয়ে অবহিত করেছেন তারা।
"আজকের ম্যাচের টসের আগেই রিজওয়ান ড্রেসিংরুমে চলে আসেন। সকল নিয়ম মেনেই তাকে মাঠে নামানো হয়েছে।"
রিজওয়ানের সঙ্গে কুমিল্লার হয়ে বিপিএল খেলতে আসার কথা ছিল পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। কিন্তু হাঁটুর চোটে পড়া এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া এখনও চলমান।
পুনর্বাসন প্রক্রিয়া কবে শেষ হবে বা কবে আসবেন শাহিন, তা নিশ্চিত জানা নেই কুমিল্লা ফ্র্যাঞ্চাইজির। এরই মধ্যে পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর এসেছে, এবারের বিপিএলে খেলা হবে না শাহিনের।
আহসানউল্লাহ জানিয়েছেন, শাহিনের ব্যাপারে এখনও আশাবাদী তারা।
"শাহিন আফ্রিদি আসবে অবশ্যই। তবে এখনও নিশ্চিত নই কবে আসবে। মাঠে ফিরতে প্রস্তুত হওয়া মাত্রই বিপিএল খেলতে আসবে সে।"
নিউ জিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের হয়ে শুক্রবারের ম্যাচ খেলেছেন হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ। এই দুজন বিপিএলে খেলবেন রংপুর রাইডার্সের হয়ে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার চট্টগ্রামে এসে পৌঁছাবেন হারিস ও নাওয়াজ।
