এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে থাকবেন না নাকভি
পুরুষ ক্রিকেট ইভেন্টের পদকের লড়াইয়ে থাকা চারটি দলকেই শুভকামনা জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান।
ভারতের বিপক্ষে পাকিস্তানের এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনাল দেখতে জাপান সফর করবেন না মহসিন নাকভি। সোনার লড়াইয়ে তার না থাকার বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এসিসি-এর প্রধান নাকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি।
জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে শনিবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দল দুটি। একই দিন ব্রোঞ্জ পদকের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
এসিসি শুক্রবারের বিবৃতিতে লিখেছে, চারটি দলকেই শুভকামনা জানিয়েছেন নাকভি।
“আইচি-নাগোয়া ২০২৬-এর ফাইনালসের দিনে উপস্থিত থাকতে পারবেন না এসিসি সভাপতি মহসিন নাকভি। তবে সোনা ও ব্রোঞ্জের পদকের ম্যাচের আগে চারটি দলের সবাইকে শুভকামনা জানিয়েছেন তিনি।”
এবারের এশিয়ান গেমসে নারী ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছে ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে হারায় তারা। তৃতীয় ও চতুর্থ হয় পাকিস্তান ও বাংলাদেশ।
সবশেষ ২০২২ আসরে পুরুষদের ইভেন্টে সোনা জিতেছিল ভারত। ২০১০ ও ২০১৪ আসরে সোনা জিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।
