অনেক পথ পেরিয়ে এই সেঞ্চুরির সীমানায় জাকির
অনেক ভেঙেগড়ে তবেই শীর্ষ পর্যায়ের জন্য নিজেকে তৈরি করেছেন চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যান।
অভিষেকে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ছক্কা মারতে সাহস লাগে। দুঃসাহসও বলা যেতে পারে। জাকির হাসান সেই কাজটিই করলেন। কুলদিপ যাদবের বলে দারুণ এক ছক্কায় ৮৭ থেকে ৯৩। তাতে একটা কাজ ভালো হলো, গ্যালারিতে রোল উঠল, ‘জাকির… জাকির।’ গ্যালারি থেকে যখন ভেসে আসে নাম ধরে স্লোগান, এমন নবীন একজনের প্রেরণার জন্য আর কী লাগে! নিজের নামের ধ্বনিতে ভেসেই একটু পর তিনি পৌঁছে গেলেন ইতিহাসের ঠিকানায়।
অথচ এখানে তার থাকার কথা ছিল না। রেকর্ড বইয়ে তো নয়ই, এই মাঠে নয়, এই ম্যাচে নয়। তিনি এখন থাকতে পারতেন বিসিএলের দলের সঙ্গে। দুদিন পর থেকেই শুরু ঘরোয়া এই আসর। কিন্তু দুইজনের চোট সমস্যা জাকিরকে বয়ে আনে টেস্ট ক্রিকেটের মোহনায়।
চোটের কারণে তৌহিদ হৃদয় ছিটকে যাওয়ায় এই মাসের শুরুতে তার জায়গা হয় বাংলাদেশ ‘এ’ দলে। বদলি হিসেবে পাওয়া সুযোগটা তিনি দুহাতে লুফে নেন, ভারত ‘এ’ দলের বিপক্ষে চারদিনের ম্যাচে খেলেন ১৭৩ রানের অসাধারণ ইনিংস।
এরপর ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের পালা। প্রথম টেস্ট থেকে ছিটকে যান তামিম ইকবাল। টেস্ট স্কোয়াডে জাকিরের জায়গা পাওয়ার পথ তৈরি হয়।
তামিম ফিট থাকলে চট্টগ্রাম টেস্টের একাদশে জাকিরের জায়গা হতো না নিশ্চিতভাবেই। ম্যাচের আগে বাংলাদেশ কোচ রাসেল রাসেল ডমিঙ্গো বলেন, জাকিরের ব্যাটিংয়ের ধরনে তিনি তামিমকেই খুঁজে পান। অভিষেকে জাকির এমন কীর্তি গড়লেন, যা তামিমও পারেননি। পারেননি বাংলাদেশের আর কোনো ওপেনার।
তামিম অভিষেকে করেছিলেন ৫৩ ও ৮৪। জাভেদ ওমর বেলিমের ৮৫ ছিল রেকর্ড। তাদেরকে ছাড়িয়ে বাংলাদেশের ১০১তম টেস্ট ক্রিকেটার জাকির অভিষেকে করলেন ১০০। অভিষেকে ওপেনিংয়ে দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরি।
অথচ এই বছর জাতীয় লিগে ৬টি ম্যাচ খেলে কোনোটিতেই ওপেন করেননি জাকির। সিলেট বিভাগের হয়ে ব্যাট করেছেন চার ও পাঁচ নম্বরে। সেই তিনিই অনন্য কীর্তি গড়লেন ক্রিকেটের সবচেয়ে কঠিন সংস্করণে প্রথম ম্যাচে।
ওপেনিংয়ের মহড়া অবশ্য সেরে নেওয়া হয়েছিল ভারত ‘এ’ দলের বিপক্ষে ওই ম্যাচেই। প্রায় সাড়ে ১০ ঘণ্টা ব্যাট করে তিনি ১৭৩ রানের ইনিংসটি খেলেছিলেন ইনিংস শুরু করতে নেমেই।
জাতীয় লিগে যিনি মিডল অর্ডারে খেললেন, ‘এ’ দলে সুযোগ পেলে মিডল অর্ডার ব্যাটসম্যানের বদলি হিসেবে, তাকে ‘এ’ দলে ওপেন করানোর পেছনের ভাবনাটি শোনালেন ওই ম্যাচে থাকা জাতীয় নির্বাচক আব্দুর রাজ্জাক।
“জাকির মিডল অর্ডার হলেও নানা সময়ে ওপেন করেছে। জাতীয় লিগে যেটা হয়, দলগুলির ভারসাম্যের জন্য নানা পজিশনে খেলতে হয়। সিলেট দলে জাকির বড় ভরসা, এজন্যই হয়তো মিডল অর্ডারে খেলিয়েছে। কিন্তু আমরা বরাবরই ওকে টপ অর্ডার হিসেবেই বিবেচনা করে আসছি।
“বড় দৈর্ঘের ক্রিকেটে ওপেন করতে যা লাগে, তা আছে ওর মধ্যে। একদম সব কিছু আছে, তা বলব না। তবে অনেক কিছু আছে। জাকির বল ছাড়তে পারে অনেক, ধৈর্য আছে, গোছানো ব্যাটিং করে। ওর মধ্যে এই ব্যাপারগুলি আছে। ‘এ’ দলের হয়ে ওই ম্যাচে সবই দেখিয়েছে সে। ভারত ‘এ’ দলের বোলিং কিন্তু অনেক শক্তিশালী ছিল। ওদের সঙ্গে ভালো করে জাকির অবশ্যই আরও আত্মবিশ্বাস পেয়েছে। ওর একটা বড় গুণ, মানিয়ে নিতে পারে খুব ভালোভাবে।”
মানিয়ে নেওয়ার কাজটা অবশ্য ক্যারিয়ারজুড়েই করে আসছেন তিনি। বয়সভিত্তিক ক্রিকেটের সময় থেকেই। ২০১৪ ও ২০১৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্তদের সঙ্গে তিনি খেলেছেন। কিপার-ব্যাটসম্যান হিসেবে মূলত মিডল অর্ডারে খেললেও ওপেন করেছেন তখনই। যুব বিশ্বকাপের ম্যাচেও করেছেন ওপেন।
ওই সময় জাকির পরিচিত ছিলেন বেশ আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে। শট খেলতে ভালোবাসতেন। আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন সেই আক্রমণাত্মক মানসিকতার কারণেই। বাংলাদেশ দলে তার অভিষেক ২০১৮ সালে, নিজ শহর সিলেটে টি-টোয়েন্টি দিয়ে। ওপেন করেছিলেন সেদিনও।
ওই ম্যাচের পরই আবার বাদ পড়েন। ফিরে আসতে হয় ঘরোয়া ক্রিকেটে। চলতে থাকে তার নিজেকে ভাঙাগড়ার খেলা আর বিভিন্ন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। স্রেফ একমুখি ব্যাটিং থেকে সরে এসে নিজেকে সমৃদ্ধ কর, সব ঘরানার উপযোগী করে তোলার আশায় স্থানীয় কোচদের সঙ্গে ঘসামাজা করতে থাকেন ব্যাটিং। আঁটসাঁট টেকনিক, ধৈর্য, টেম্পারমেন্ট, এসবের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। নিজের সঙ্গে আপোস চলতে থাকে।
নানা সময়ে হাই পারফরম্যান্স দল, ‘এ’ দল, বিসিবি একাদশ, ইমার্জিং দল, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে ফিটনেস ও ব্যাটিং নিয়ে কাজ করতে থাকেন। ঘরোয়া ক্রিকেটে রানের স্রোত বইতে থাকে।
গত বিসিএলে তিনি ৩৯৬ রান করেন ৯৯ গড়ে। সব মিলিয়ে গত মৌনুমে ১০টি প্রথম শ্রেণির ম্যাচে ৪ সেঞ্চুরিতে রান করেন ৭৬৫। পরে ৫০ ওভারের সংস্করণে ঢাকা প্রিমিয়ার লিগে ৬৩৬ রান করেন ৪২.৪০ গড়ে ও ৯২.০৪ স্ট্রাইক রেটে ৬৩৬ রান।
গত অগাস্টে তাকে ওয়েস্ট ইন্ডিজ পাঠানো হয় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে। দুটি প্রথম শ্রেণির ম্যাচে ছয় নম্বরে দুই ইনিংস ব্যাট করে রান করেন ৭ ও ১৫।
ক্যারিবিয়ায় ডিউক বলের সামনে না পারলেও দেশে ফিরে ঠিকই ভালো করেন। এবার প্রথমবারের মতো ডিউক বলে খেলা জাতীয় লিগে ৪৪২ রান করেন ৫৫.২৫ গড়ে। সুইং বলের কঠিন পরীক্ষার লিগে সবচেয়ে বেশি রান তারই।
তার পরও ভারত ‘এ’ দলেল বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডে তাকে রাখা হয়নি শুরুতে। কিন্তু কে জানত, তিন সপ্তাহের মধ্যে বদলে যাবে তার জীবন আর ক্যারিয়ার!
তৌহিদ হৃদয় আর তামিম ইকবালকের দুর্ভাগ্য জাকিরের জন্য বয়ে আনল সৌভাগ্য। তিনি নিজে সেই সৌভাগ্যকে রূপ দিলেন রেকর্ড গড়ার উচ্ছ্বাসে।
৬৯টি প্রথম শ্রেণির ম্যাচে ১৩ সেঞ্চুরিতে ৪ হাজারের বেশি রান করার অভিজ্ঞতা, ঘরোয়া ক্রিকেট আর ‘এ’ দলে রানে থাকার সুফল আর সার্বিক প্রক্রিয়া, সবকিছুকে সঙ্গী করেই জাকির যেন নিজেকে মেলে ধরলেন ভারতের দুই পেসার ও তিন স্পিনারের সমৃদ্ধ আক্রমণের সামনে।
প্রক্রিয়া সেই একই, পর্যায়টা যদিও আরও উঁচু। তবে ক্যারিয়ার জুড়ে মানিয়ে নেওয়ার গল্প তো তার কম নেই। জাকির এ বেলা জানিয়ে দিলেন, সর্বোচ্চ পর্যায়ে মানিয়ে নিতেও তিনি তৈরি।
