বিদেশি লিগে অভিষেকে উজ্জ্বল আরিফুল, ব্যর্থ আকবর
নেপাল প্রিমিয়ার লিগে ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছেন আরিফুল ইসলাম।
দেশের বাইরের লিগে প্রথমবার খেলতে নেমে ব্যাট হাতে ঝলক দেখালেন আরিফুল ইসলাম। ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রাখলেন তিনি। বিদেশি লিগে অভিষেকে ভালো করতে পারলেন না তার সতীর্থ আকবর আলি।
নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) মঙ্গলবার কার্নালি ইয়াকসের হয়ে ওপেন করতে নেমে চারটি ছক্কায় ২৯ বলে ৪৩ রান করেন আরিফুল। ছয়ে নেমে ২ বল খেলে ১ রান করেন আকবর।
জানাকপুর বোল্টসের বিপক্ষে তিন ছক্কায় ৩৭ রান করেন পাওয়ান সারাফ। কার্নালির আর কেউ ১৫ রানও করতে পারেননি। আরিফুল ও পাওয়ানের ব্যাটে কোনোমতে ১৩২ রান করতে পারে কার্নালি।
রান তাড়ায় আরও বাজে অবস্থা হয় জানাকপুরের। তাদের কয়েকজন ব্যাটসম্যান ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। দলটির হয়ে সর্বোচ্চ ২০ রান করেন আভিশেক তিওয়ারি।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১১৩ রানে গুটিয়ে যায় জানাকপুর। অল্প পুঁজি নিয়েও তাদেরকে ১৯ রানে হারিয়ে এনপিএল শুরু করেছে কার্নালি।
কার্নালির হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন হুসাইন তালাত ও উনিশ ঠাকুরি। দুটি প্রাপ্তি নান্দান ইয়াদাভের।
ব্যাট হাতে দারুণ ইনিংস খেলার পর ফিল্ডিংটাও ঠিকঠাক করেন আরিফুল। দুটি ক্যাচ নেন ২১ বছর বয়সি এই ক্রিকেটার।
টস হেরে ব্যাটিং করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে কার্নালি। তবে একপ্রান্তে নিজের মতো খেলে রানের চাকা সচল রাখেন আরিফুল। প্রথম চার বলে চার করা ডানহাতি ব্যাটসম্যান চতুর্থ ওভারে ছক্কায় ওড়ান জিমি নিশামকে।
পরের ওভারে মইন আলিকেও ছক্কা হাঁকান আরিফুল। লালিত রাজবানশির পর নিশামকে ছক্কা মেরে চল্লিশে পা রাখেন তিনি। হারমিত ইংয়ের বলে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন এই ওপেনার।
ওই ওভারের সিঙ্গল নিয়ে রানের খাতা খোলার পরের বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন আকবর।
