Published : 09 Feb 2026, 08:08 PM
পেসারদের জন্য সহায়ক উইকেটে জ্বলে উঠলেন ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের পেসার উইকেটের দেখা পেলেন প্রথম বলেই। পরের ওভারে শিকার ধরলেন আরও দুটি। দুর্দান্ত বোলিংয়ে ঘুচল তার দীর্ঘ এক অপেক্ষা।
কলম্বোয় সোমবার ওমানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে জিম্বাবুয়ে।
সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানকে ১০৩ রানে গুটিয়ে দিতে চার ওভারে একটি মেডেনে স্রেফ ১৬ রানে ৩ উইকেট নেন মুজারাবানি। সবকটি উইকেটই আসে পাওয়ার প্লের মধ্যে। ম্যাচ-সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
জিম্বাবুয়ের হয়ে মুজারাবানির টি-টোয়েন্টি অভিষেক ২০১৮ সালের ফেব্রুয়ারিতে। ৮৪ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার সেরার স্বীকৃতি পেলেন ২৯ বছর বয়সী পেসার।
বিশ্বকাপে তার সেরা বোলিং এটি। বিশ্বকাপ অভিষেকে ২০২২ আসরে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট ছিল আগের সেরা।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে মোট ছয়বার ম্যাচে ৩ উইকেট পেলেন মুজারাবানি। সেরা বোলিং ২০২৪ সালে মোজাম্বিকের বিপক্ষে ৮ রানে ৩ উইকেট।
ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিং পান মুজারাবানি। প্রথম বলেই দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে দেন জাতিন্দার সিংকে। মেডেন নিয়ে ওভারটি শেষ করেন তিনি।
নিজের পরের ওভারে প্রথম বলে চার হজম করলেও, বাকি পাঁচ বলে স্রেফ এক রান নিয়ে দুটি উইকেট নেন মুজারাবানি। শর্ট ডেলিভারিতে থার্ডম্যানে ক্যাচ দেন আমির কালিম। আরেকটি শর্ট ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন কারান সোনাভেল।
পাওয়ার প্লেতেই আরেকটি ওভার বোলিং করে মুজারাবানি দেন পাঁচ রান। তার বোলিং ফিগার তখন ৩-১-১০-৩।
অষ্টাদশ ওভারে বোলিংয়ে ফেরানো হয় তাকে। এই ওভারে ৬ রান দিয়ে কোটা শেষ করেন তিনি।
মুজারাবানির মতো তিনটি করে শিকার ধরেন অন্য দুই পেসার রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্সও; এনগারাভা দেন ১৭ রান, ইভান্স ১৮।
এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিলেন জিম্বাবুয়ের পেসাররা মিলে।