শূন্যের হ্যাটট্রিক করা আভিশেক বললেন, ‘২ বছর আগেই চাপ নেওয়া ছেড়ে দিয়েছি’
বিশ্বকাপে টানা ব্যর্থতার পরও, ব্যাটিংয়ের ধরন বদলাতে রাজি নন ভারতীয় ওপেনার।
আভিশেক শার্মার জন্য বিশ্বকাপ অভিযানটা এখন পর্যন্ত দুঃস্বপ্নের। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান তিন ম্যাচে এখনও একটি রানও করতে পারেননি। তার অভাবনীয় ব্যর্থতা ক্রিকেট বিশ্বে প্রবল আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে তার শট নির্বাচন নিয়েও। তবে ভারতীয় ওপেনার পরিষ্কার জানিয়ে দিলেন, ব্যাটিংয়ের ধরন কিংবা মানসিকতায় কোনো পরিবর্তন আনবেন না তিনি। কোনোরকম চাপ অনুভব করছেন না বলেও দাবি করলেন বাঁহাতি ব্যাটসম্যান।
অনেক দিন ধরেই টি-টোয়েন্টি ক্রিকেটে দাপট দেখাচ্ছিলেন আভিশেক। বিশ্বকাপের ঠিক আগেও ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে তিনি করেছিলেন ১৮২ রান। বিশ্বকাপেও তিনি ঝড় তুলবেন, এমন ধারণাই ছিল অনেকের। কিন্তু গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে সবকটিতে তিনি আউট হন শূন্য রানে।
সুপার এইটে রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। তার আগে সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ জানিয়ে দিয়েছেন, আভিশেকের ফর্ম নিয়ে একদমই ভাবছেন না তারা। শনিবার স্টার স্পোর্টসের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে আভিশেক বলেন, প্রক্রিয়া অনুসরণ করা ছাড়া কোনো কিছু নিয়েই তিনি ভাবেন না।
“আমি স্রেফ আমার ব্যাটিং উপভোগ করি। দুই বছর আগেই আমি চাপ নেওয়া ছেড়ে দিয়েছি, কারণ আমার মনে হয় কেবল প্রক্রিয়া ঠিক রাখাই আমার হাতে। আমি অনুশীলন ও প্রশিক্ষণই করছি, এটাই আমার সবসময় করা উচিত এবং ধীরে ধীরে তা বাড়বে। আমি এটা উপভোগ করি, তাই কোনো ধরনের চাপ নেই।”
২৫ বছর বয়সী এই ক্রিকেটার জানেন, যেকোনো ব্যাটসম্যানের ক্যারিয়ারে উত্থান-পতন আসবে। তাই ফর্ম নিয়ে ভাবার পরিবর্তে নিজের লক্ষ্য ও প্রক্রিয়ার ওপর মনোযোগ দিচ্ছেন তিনি।
“অবশ্যই ব্যাটসম্যানদের উত্থান-পতন থাকে। কখনও কিছু ইনিংসে রান হয়, কখনও হয় না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাকে একটি নির্দিষ্ট সময়ে সিদ্ধান্ত নিতে হবে যে, আমাকে এভাবে খেলতে হবে, এরকম অভিপ্রায় নিয়ে খেলতে হবে। আমি এতে সফল হতে পারি বা নাও হতে পারি, কিন্তু আমার প্রক্রিয়া ও মানসিকতা পরিবর্তন করব না আমি।”
