২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ শুরুর আগে বুমরাহকে নিয়ে দুর্ভাবনায় ভারত

জাসপ্রিত বুমরাহ খেলতে না পারলে তার জায়গায় একাদশে জায়গা পেতে পারেন মোহাম্মাদ সিরাজ।

বিশ্বকাপ শুরুর আগে বুমরাহকে নিয়ে দুর্ভাবনায় ভারত
অসুস্থ হয়ে প্রথম ম্যাচে অনিশ্চিত জাসপ্রিত বুমরাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 12:19 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ভারতীয় দলে এমনিতে গভীরতার ঘাটতি নেই। বিকল্প ক্রিকেটারের কমতি নেই। কিন্তু একজন ক্রিকেটারকে এখানে রাখা যায় আলাদা তালিকায়, যার কোনো বিকল্প হয় না। সেই জাসপ্রিত বুমরাহকে নিয়েই বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় পড়েছে ভারত।

গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে খেলেননি বুমরাহ। ম্যাচের আগের দিন দলের সঙ্গে মাঠে এলেও অনুশীলন করেননি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, জ্বরে ভুগছেন এই পেসার। তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না ভারতের টিম ম্যানেজমেন্ট। পত্রিকাটির খবর, তার জায়গায় প্রথম ম্যাচে খেলতে পারেন মোহাম্মাদ সিরাজ। 

শেষ পর্যন্ত সেটি সত্যি হলে সিরাজের জন্যও ব্যাপারটি চমকপ্রদ। দুদিন আগেও বিশ্বকাপের ধারেকাছে তিনি ছিলেন না। স্কোয়াডে ছিল না তার নাম। কিন্তু হার্শিত রানা চোটের কারণে ছিটকে পড়ায় সুযোগ মিলেছে তার। এখন মাঠে নামার অপেক্ষায় তিনি দলের প্রথম ম্যাচেই।

বিশ্বকাপের উদ্বোধনী দিনে শনিবার মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ভারত।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা অফ স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার এখনও দলের সঙ্গে যোগ দেননি। চোট কাটিয়ে ওঠার পথে এখনও পুনবার্সন চলছে তার। প্রথম ম্যাচের জন্য তাই ভারতীয় দলে ফিট ক্রিকেটার এখন ১৩ জন।

প্রথম ম্যাচে ভারতীয় একাদশের আরেকটি গুরুত্বপূর্ণ খবরও দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। চোটের কারণে তিলাক ভার্মার বাইরে থাকার সময়টায় দারুণ পারফর্ম করেছেন ইশান কিষান। এখন তিলাকও ফেরায় দল নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়েছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত দুজনকেই রাখা হচ্ছে একাদশে। 

সম্প্রতি নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন নম্বরে নেমে বিস্ফোরক ব্যাটিং উপহার দেওয়া কিষান খেলবেন ওপেনিংয়ে। আভিশেক শার্মার সঙ্গে তার জুটি প্রতিপক্ষের জন্য হয়ে উঠতে পারে ভীতি জাগানিয়া। তিলাক খেলবেন তিন বা চারে।